২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি আলোচনার শর্ত দিলেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, সরাসরি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর আগে ইসরায়েলকে অবশ্যই ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য তৃতীয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর বিষয়ে একমত হতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 02:20 PM

Updated : 25 Aug 2022, 02:02 PM

রামাল্লা, ফিলিস্তিন, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, সরাসরি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর আগে ইসরায়েলকে অবশ্যই ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য তৃতীয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর বিষয়ে একমত হতে হবে। জর্ডানের আল- ঘাদ পত্রিকায় শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে আব্বাস বলেন, যে কোনো শান্তি চুক্তির ক্ষেত্রে পশ্চিম তীরে ইহুদি স্থাপনার বদলে সমপরিমাণ ভূমি ফিলিস্তিনকে দেওয়ার বিষয়েও ইসরায়েলকে সম্মত হতে হবে। সরাসরি শান্তি আলোচনার আগে ইসরায়েলের কাছ থেকে এসব বিষয়ে পরিস্কার বক্তব্য চান মাহমুদ আব্বাস। ওয়াশিংটন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরুর জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আব্বাস শনিবার রামাল্লায় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জর্জ মিশেলের সঙ্গে বৈঠক করেন। মিশেল এর আগে শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। জর্জ মিশেল দু'দেশের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। মিশেলের মধ্যস্থতায় চার মাস মেয়াদি এ পরোক্ষ শান্তি আলোচনা দুই মাস ধরে চলছে। আগামী সেপ্টেম্বরে এ আলোচনার মেয়াদ শেষ হবে। ইসরায়েল এ পরোক্ষ শান্তি আলোচনাকে 'সময়ক্ষেপণ' হিসেবে অভিহিত করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মাহমুদ আব্বাসের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরু করতে তিনি প্রস্তুত রয়েছেন। তবে ইসরায়েলের নেতার সঙ্গে আলোচনার ব্যাপারে ফিলিস্তিনের প্রেসিডেন্ট সতর্কতা অবলম্বন করছেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের আশঙ্কা, ফিলিস্তিনের পক্ষে মেনে নেওয়া যায় এমন কোনো প্রস্তাব হয়তো ইসরায়েলি নেতা করবেন না। আল-ঘাদ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মাহমুদ আব্বাস বলেন, "আমি চাই ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সীমান্ত পাহারার জন্য তৃতীয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর পরিকল্পনার সঙ্গে ইসরায়েল একমত হবে।" পূর্ব জেরুজালেমকে রাজধানী করে পশ্চিম তীর ও গাজা উপত্যকা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র চায় সেখানকার নেতারা। তবে ফিলিস্তিনিদের এ দাবি প্রত্যাখান করেছে ইসরায়েলি নেতারা। সমগ্র জেরুজালেমকে ইহুদি রাষ্ট্রটির চিরন্তন রাজধানী বলে মনে করে তারা। ফিলিস্তিন রাষ্ট্রের সীমানায় কোনো ধরনের ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর উপস্থিতি চান না বলেও জানান আব্বাস। তবে ফিলিস্তিনিরা তাদের সীমানা নিজেরা নিয়ন্ত্রণ করে অস্ত্র সংগ্রহ করতে পারে ইসরায়েলের এমন আশঙ্কা দূর করতে তিনি তৃতীয় পক্ষের সীমান্তরক্ষী হিসেবে ন্যাটো বাহিনীর কথা বলেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এএইচ/২০০৭ ঘ.