ক্যানবেরা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড শনিবার দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এ বছর ২১ আগস্ট এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে অর্থনৈতিক ব্যবস্থাপনা নীতি, জলবায়ু ও সীমান্ত নিরাপত্তা বিষয়গুলোই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জয়-পরাজয়ে ভূমিকা রাখবে।
নির্বাচনী জরিপে জনপ্রিয়তা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে তিন সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি দেশটিতে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী নির্বাচন করে।
এর পরিপ্রেক্ষিতে লেবার পার্টি বিরোধী দল কনজারভেটিভ পার্টি থেকে খুব অল্প ব্যবধানে এগিয়ে থাকবে বলে জনমত জরিপে দেখা যাচ্ছে।
এক সংবাদ সম্মেলনে গিলার্ড বলেন, "অস্ট্রেলিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ আমি জনগণের সমর্থন চাচ্ছি।"
দলীয় অভ্যুত্থানের মাধ্যমে ২৪ জুন কেভির রুডকে ক্ষমতাচ্যুত করে অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হন জুলিয়া গিলার্ড।
তিনি আরো বলেন, "সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া মানে হচ্ছে উদ্বৃত্ত বাজেট ও শক্তিশালী অর্থনীতির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়া।
এবারের নির্বাচনে অর্থনীতিই প্রধান ভূমিকা পালন করবে বলে মনে হচ্ছে। গিলার্ড জানিয়েছেন, নতুন চাকরির ক্ষেত্র তৈরির জন্যই তিনি পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ খুঁজছেন।
সরকার জানিয়েছে, ২০১৩ সালের মধ্যেই তারা উদ্বৃত্ত বাজেটে ফিরে যেতে পারবে।
তবে নির্বাচন নিয়ে মতামত জরিপে দেখা গেছে, ভোটাররা ক্ষমতাসীন লেবার পার্টির চেয়ে বিরোধী দলকেই ভাল অর্থ ব্যবস্থাপক হিসেবে বিবেচনা করছে।
ওদিকে বিরোধীরাও উদ্বৃত্ত বাজেটে ফেরা ও সরকারের ব্যয় সীমিত করার প্রতিশ্র"তি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২১০ঘ.
bdnews24