ওয়াশিংটন, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্মরণকালের উষ্ণতম বছর পার করছে বিশ্ব। আর এতে করে সারা বিশ্বেই খরা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিশ্লেষণে একথা জানা গেছে।
ফেডারেল ন্যাশনাল ক্লাইমেট ডাটা সেন্টারের আবহাওয়া বিশ্লেষণের প্রধান জে লরিমোর বলেন, এর আগের উষ্ণতম বছর ১৯৯৮ সালের প্রথম ছয় মাসের চেয়ে ২০১০ সালের প্রথম ছয় মাসে তাপমাত্রা বেশি।
আগের রেকর্ডের চেয়ে এ ছয় মাসে তাপমাত্রা দশমিক শূন্য তিন ডিগ্রি ফারেনহাইট বেড়েছে।
এল নিনো আবহাওয়া ধরনের কারণেই এই সময়টুকুকে বিশ্বব্যাপী উষ্ণতম বলে দাবি করা হয়েছে।
লরিমোর বলেন, "এ বছরের শুরুর দিকের এল নিনোর আবহাওয়া ধরনটি আমাদের কাছে রয়েছে। যাতে দেখা যাচ্ছে শুরুতে যে পর্যায়ে তাপমাত্রা ছিল তা এখন বিলীন হয়ে গেছে।
তবে তা থেকে বোঝা যাচ্ছে, এল নিনো পর্যায়ে কেবল নিরক্ষীয় অঞ্চলেই উষ্ণতা বাড়েনি বরং অস্বাভাবিক হারে বৈশ্বিক তাপমাত্রাও বেড়েছে।"
কানাডা, আফ্রিকা, গ্রীষ্মমন্ডলীয় মহাসাগরের বৃহত্তর অংশ ও মধ্যপ্রচ্যের বিভিন্ন অংশেও তাপমাত্রা বেড়েছে।
থাইল্যান্ডের উত্তরাঞ্চল গত ২০ বছরের মধ্যে এবারই সবচেয়ে ভয়াবহ খরা মোকাবিলা করছে। আর ১৯২০ সালের পর ইসরায়েল এবারই প্রথম দীর্ঘমেয়াদী ও সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়েছে।
এদিকে ব্রিটেন ১৯২৯ সালের পর সবচেয়ে শুষ্ক মৌসুম পার করছে।
তবে এ বছরের শেষের দিকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।
লরিমোর বলেন, "এ বছরের মূল বিষয় হলো এল নিনো পর্যায় শেষ হয়েছে এবং লা নিনা পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈশ্বিক গড় তাপমাত্রায় লা নিনার শীতল প্রভাব রয়েছে। তাই সবচেয়ে উষ্ণ বছর হিসেবে এ বছরটি বিবেচিত নাও হতে পারে।"
এদিকে বৈশ্বিক এ তাপমাত্রার প্রভাব যুক্তরাষ্ট্রের ওপর সমানভাবে পড়েনি। লরিমোর বলেন, "যুক্তরাষ্ট্রে জানুয়ারি থেকে জুন মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি ছিল।"
ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে, জুলাই ও আগস্ট মাসে লা নিনা পর্যায় শুরু হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৩৭ঘ.
bdnews24