আল আরিশ, মিশর, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজাগামী লিবিয়ার ত্রাণবাহী জাহাজটি বুধবার মিশরের আল আরিশ বন্দরে পৌঁছেছে।
ইসরায়েলের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে জাহাজটি তার গতিপথ পাল্টে এ বন্দরের উদ্দেশে যাত্রা করে।
মিশরের এক কর্মকর্তা জানান, আমালথিয়া নামের জাহাজটি সন্ধ্যায় গাজা সীমান্ত থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণে মিশরের উপকূলীয় এলাকা আল আরিশ বন্দরে পৌঁছে মালামাল নামানো শুরু করে।
বন্দরের দায়িত্বে থাকা ক্যাপ্টেন গামাল আবদেল মাকসুদ বলেন, "মেডিকেল সামগ্রী ও যাত্রীরা রাফাহ সীমান্ত দিয়ে এবং খাদ্য সামগ্রী আওজা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করবে।"
তিনি জানান, এসব সামগ্রী দুই সীমান্ত দিয়ে পারাপারের দায়িত্ব মিশরের রেড ক্রিসেন্টের এবং পণ্য নেওয়ার জন্য আল আরিশে ট্রাক অপেক্ষা করছে।
গাজায় প্রবেশের অনুমতি না দিয়ে ইসরায়েল জাহাজটিকে সরিয়ে দেওয়ার বা আটক করার ঘোষণা দিয়েছিল।
নিরাপত্তার কারণে গাজাগামী জাহাজটির পথ পরিবর্তন করা হয়েছে বলে জাহাজটি ভাড়াকারী দাতব্য প্রতিষ্ঠানের পরিচালক ইউসুফ সাওয়ানি এর আগে নিশ্চিত করেছেন।
মঙ্গলবার মিশর জানিয়েছে, আমালথিয়াকে আল আরিশে যাওয়ার অনুরোধ করা হয়েছে ও অনুমতি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ দুই হাজার টন খাদ্য ও ওষুধ প্রতিবেশী গাজায় পৌঁছানোর পরিকল্পনা করেছে বলেও জানানো হয়।
এদিকে ইসরায়েলের উপ প্রধানমন্ত্রী ডান মেরিডোর জানান, জাহাজটি গাজায় যেতে পারে।
ইসরায়েলের বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "যে কেউ চাইলে অস্ত্র বা এ ধরনের বিপজ্জনক কোনো পণ্য ছাড়া অন্যান্য সামগ্রী আল আরিশ ও ইসরায়েলের আশদদ বন্দর দিয়ে নিয়ে যেতে পারেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪০২ঘ.
bdnews24