২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরছেন ইরানি বিজ্ঞানী শাহরাম আমিরি

ইরানের অপহৃত পরমাণু বিজ্ঞানী শাহরাম আমিরি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তৃতীয় একটি দেশের মধ্য দিয়ে ইরানে ফিরছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 11:43 AM

Updated : 25 Aug 2022, 01:54 PM

ওয়াশিংটন, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ইরানের অপহৃত পরমাণু বিজ্ঞানী শাহরাম আমিরি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তৃতীয় একটি দেশের মধ্য দিয়ে ইরানে ফিরছেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার একথা জানিয়েছেন। গত বছর মে মাসে সৌদি আরব থেকে নিখোঁজ হন শাহরাম আমিরি। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তাকে অপহরণ করেছিল। মঙ্গলবার রহস্যজনকভাবে আমিরিকে যুক্তরাষ্ট্রের পাকিস্তানি দূতাবাসের ইরানি কার্যালয়ে পাওয়া যায়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা 'আইএসএনএ' মুখপাত্র রামিন মেহমানপরাস্ত এর উদ্ধৃতি দিয়ে বলেছে, ইরানের চেষ্টায় এবং ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসের সহযোগিতায় কয়েক মিনিট আগে শাহরাম আমিরি আমেরিকা ছেড়ে তৃতীয় একটি দেশ হয়ে ইরানে ফেরার পথে রয়েছেন।" মুখপাত্র দেশটির নাম জানান নি। তবে মঙ্গলবার ইরানের আরেক কর্মকর্তা জানিয়েছিলেন, আমিরিকে তুরস্কের মধ্য দিয়ে ইরানে নিয়ে যেতে পারে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের আরেক মুখপাত্র পরবর্তীতে এপি বার্তা সংস্থাকে বলেছেন, আমিরি কাতারে যাত্রা বিরতি করতে পারেন। কারণ, যুক্তরাষ্ট্র থেকে ইরানে সরাসরি কোনো ফ্লাইট নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় আমিরি অপহরণ মামলা আইনি ও কূটনৈতিক পন্থায় চালিয়ে যাবে বলে জানিয়েছেন মেহমানপারাস্ত। ইরান বরাবরই অভিযোগ করে আসছে যে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আমিরিকে অপহরণ করেছে। ওদিকে, মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টিভিতেও আমিরির উদ্ধৃতি দিয়ে বলা হয়, " আমাকে অপহরণ করাটা আমেরিকার জন্য অসম্মানজনক কাজ।" তবে মার্কিন গোয়েন্দারা তাকে অপহরণের বিষয়টি অস্বীকার করেছে। কিন্তু মঙ্গলবার ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসের ইরানি কনস্যুলার অফিসে আমিরিকে দেখা গেলে যুক্তরাষ্ট্র প্রথম সেদেশে তার অবস্থানের কথা নিশ্চিত করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সাংবাদিকদের বলেন, "তিনি যখন খুশি আসতে এবং যেতে পারেন। এটি তার নিজস্ব ব্যাপার।" ইরানি এ বিজ্ঞানী কিভাবে যুক্তরাষ্ট্রে গেলেন এবং সেখানে তিনি কী করতেন সে সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস। হিলারির মতো গিবসও বলেন, "তিনি যখন খুশি দেশে ফিরে যেতে পারেন। আমরা তাকে ধরে রাখিনি। তার দেশে ফিরে যাওয়াটাও কোন বিনিময় প্রক্রিয়া নয়।" তবে তিনি এও বলেন, ইরান তিন মার্কিন পরিব্রাজককে আটক করে রেখেছে এবং আমাদের বিশ্বাস তাদের ছেড়ে দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এলকিউ/১৭৩৬ ঘ.