দ্য হেগ, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে অভিযোগের তালিকায় এবার যোগ হয়েছে গণহত্যার অভিযোগ।
আন্তর্জাতিক আদালত 'আইসিসি' ২০০৯ সালে বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সোমবার তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আরেক দফা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
বশিরের বিরুদ্ধে ইতোমধ্যেই যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে। এ অভিযোগগুলো অস্বীকার করেছেন তিনি।
২০০৯ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে অভিযুক্ত করে। কিন্তু তিনি গ্রেপ্তার হননি।
সুদানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দারফুর সংঘর্ষের জন্য বশিরকে অভিযুক্ত করা হয়েছে। দারফুরে ৭ বছরের লড়াইয়ে ৩ লাখ মানুষ নিহত হয়েছে। ফলে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি আইসিসি বশিরের বিরুদ্ধে গণহত্যার এ অভিযোগ এনেছে।
আইসিসি প্রথমত তার বিরুদ্ধে এ অভিযোগ আনতে না চাইলেও পরে বিচারকদের আবেদনের কারণে এ অভিযোগ আনা হয়। সোমবার আদালত জানায় বশিরের বিরুদ্ধে ওই অভিযোগ আনার যুক্তিসঙ্গত কারণ আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৪৮ ঘ.
bdnews24