জেরুজালেম, ১১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)--- লিবীয় ত্রাণজাহাজ গাজায় পৌঁছতে দেবে না ইসরায়েল। রোববার একথা বলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগদোর লিবারম্যান ।
ত্রাণ জাহাজটি শনিবার গ্রিস থেকে মিশরের পথে যাত্রা করার পর ইসরায়েল এটিকে ঠেকানোর ঘোষণা দিল।
মে মাসে গাজার জন্য তুরস্কের ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের সেনা অভিযানে নয়জন ত্রাণকর্মীর মৃত্যুর পর ফিলিস্তিনের জলসীমা ইসরায়েলের কড়া নজরদারিতে রয়েছে।
হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজা ভূখন্ডের জলসীমায় ইসরায়েলের অবরোধের প্রসঙ্গে লিবারম্যান সামরিক বেতারে বলেছেন , 'আমি খুব স্পষ্ট করে বলছি, কোন জাহাজই গাজায় পৌঁছতে পারবে না।
আমাদের সার্বভৌমত্ব কে হুমকির মুখে ঠেলে দিতে পারে এমন কোনো কিছু আমরা বরদাশতা করব না।
ত্রিপোলি ভিত্তিক মানবিক সাহায্য সংস্থা 'গাদ্দাফি ইন্টারন্যাশনাল চ্যারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন', এর ১২ জন নাবিক ছাড়াও নৌ বহরে মোয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় পুত্র সাইফ আল-ইসলাম সহ ৯ জন ত্রাণকর্মী রয়েছেন।
লিবিয়ার ওই গ্র"পটি বলেছে, ত্রাণজাহাজটি গাজার উদ্দেশ্যে যাত্রা করেছে। তবে বাধা পেলে তারা মিশরের আল - আরিশ নৌ বন্দরে ভিড়বে।
এ সম্পর্কে লিবারম্যান বলেছেন, আমরা আশা করি লিবিয় জাহাজটি আল - আরিশ নৌ বন্দরে যাবে নাহলে ইসরায়েলের দাবি মেনে তল্লাশির জন্য আশদোদ নৌ বন্দরে যেতে হবে।
এএফপি জানিয়েছে, ইসরায়েলের দপ্তরবিহীন মন্ত্রী ইয়োশী পেলেদ সরকারি বেতারে বলেছেন, " ইসরায়েল জাহাজটিকে গাজায় প্রবেশ করতে দেবে না।"
তিনি বলেন, "হামাস নিয়ন্ত্রিত গাজায় তল্লাশি ছাড়া কোনো নৌকা প্রবেশ করতে দেওয়া ইসরায়েলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।"
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বলেছেন, জাহাজটি গাজায় পৌঁছানোর চেষ্টা করলে তা অযথাই উস্কানি বলে গণ্য হবে।
তিনি বলেন, ইসরায়েলের আসদোদ বন্দরে তল্লাশির পরই ত্রাণ গাজায় প্রবেশ করতে দেওয়া হতে পারে।
ত্রাণ জাহাজের আয়োজক প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাজায় ত্রাণ পাঠানোর উদ্দেশ্যে জাহাজটিতে প্রায় দুই হাজার টন ত্রাণ সামগ্রী বোঝাই করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে বেশিরভাগই খাদ্য দ্রব্য ও ঔষধপত্র বলেও জানায় তারা।
মে মাসের রক্তক্ষয়ী ঘটনার পর এবার প্রথম গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ৩১ মে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি নৌ কমান্ডোদের হামলায় ৯ জন নিহত হয়। নিহতদের ৮ জন তুরস্কের ও ১ জন যুক্তরাষ্ট্র ও তুরস্ক উভয় দেশের নাগরিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬১৭ ঘ.
bdnews24