সিডনি, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এ পরিস্থিতিতেই আফগানিস্তানে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।
জুনে আফগানিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত তিন সেনার একজনের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়ে গিলার্ড শনিবার এ ঘোষণা দেন।
এর আগে অস্ট্রেলীয় প্রতিরক্ষামন্ত্রী জন ফকনার জানান, আফগানিস্তানের উরুগজান প্রদেশে শুক্রবার একটি বিস্ফোরক সদৃশ বস্তুতে আঘাত করলে আকস্মিক ভাবে সেটি বিস্ফোরিত হয়। এতে ২৩ বছর বয়সী এক সেনা নিহত এবং অপর এক সেনা আহত হন।
তিনি আরো জানান, "এ নিয়ে আফগানিস্তানে ১৭ জন সুদক্ষ সেনাকে হারালো অস্ট্রেলিয়া।"
মাস খানেক আগে ৬ জন অস্ট্রেলীয় সেনা নিহতের ঘটনায় ক্ষমতাসীন মধ্যবামপন্থী লেবার পার্টির ওপর চাপ তৈরি হয়। কারণ কিছুদিন পর অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি।
মাত্র সপ্তা দুই আগে সাবেক প্রধানমন্ত্রী কেভিন রুডকে সরিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন গিলার্ড।
নির্বাচনে আগ মুহূর্তে দলের জনপ্রিয়তা হ্রাস পাওয়া ঠেকানোর কৌশল হিসাবে গিলার্ডের হাতে নেতৃত্ব তুলে দেয় লেবার পার্টি।
অজনপ্রিয় আফগান যুদ্ধের বিষয়ে গিলার্ড বলেন, "আফগানিস্তানে এই যে ক্ষতি, তার মুখোমুখি দাঁড়িয়ে অস্ট্রেলিয়ানরা আজ নিজেকে প্রশ্ন করছে, কেন আমাদের দেশ সেখানে মিশন অব্যাহত রাখবে।"
আমরা আমাদের মিশন সেখানে অব্যাহত রাখবো এই কারণে যে, আফগানিস্তান সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ, যে সন্ত্রাসীরা ৯/১১ তে এবং বালিতে অস্ট্রেলিয়ানদের ওপর হামলা চালিয়েছিল। আর এ জন্যই সেখানে মিশন চালিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৫ঘ.
bdnews24