লন্ডন, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- আন্তর্জাতিক মহলে সমালোচনার কারণে 'ব্যাভিচার'-এর দায়ে অভিযুক্ত এক নারীকে পাথর মেরে হত্যা না করার ঘোষণা দিয়েছে ইরান।
শুক্রবার ব্রিটেনের টাইমস ডেইলি পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসের এক বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, "যথাযথ আইনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরানের সাকিনেহ মোহাম্মাদি-আশতিয়ানিকে (৪৩) পাথর ছোড়া হবে না।"
তবে সাকিনেহকে ছেড়ে দেওয়া হবে নাকি ফাঁসিতে ঝোলানো হবে সে বিষয়ে প্রতিবেদনটিতে কিছু বলা হয়নি।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০০৬ বা ২০০৭ সালে অভিযুক্ত এ নারীকে এর আগে ৯৯ টি দোররা মারা হয়েছিল।
পাথর মেরে হত্যার এ পরিকল্পনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আন্তর্জাতিক সমালোচনার নেতৃত্ব দেয়।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইউলিয়াম হগ এ শাস্তিকে 'মধ্যযুগীয়' বলে উল্লেখ করে বৃহস্পতিবার বলেন, "এ ধরনের শাস্তির কথা শুনে আমি আতঙ্কিত হয়েছি। আমি মনে করি, এ ধরণের শাস্তি অব্যাহত থাকলে সারা বিশ্ব ভীত ও ক্রুদ্ধ হয়ে পড়বে।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার ওয়াশিংটনে বলেন, "শাস্তি দেওয়ার একটি পদ্ধতি হিসেবে পাথর মারা হলো নির্যাতনের সমান। এটা বর্বর ও ঘৃণ্য কাজ।"
পরিকল্পিত এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশ্বের প্রখ্যাত রাজনীতিবিদ ও শিল্পীদের স্বাক্ষর করা একটি খোলা চিঠি টাইমসে প্রকাশের পর এটি বন্ধে প্রচারণা শুরু হয়।
স্বাক্ষরকারীদের মধ্যে অন্যতম হলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস, ব্রিটেনের সাবেক তিন পররাষ্ট্রমন্ত্রী ও জোস রামোস-হোর্তা, পুর্ব তিমুরের প্রেসিডেন্ট, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, আমেরিকার অভিনেত্রী রবার্ট ডি নিরো ও রবার্ট রেডফোর্ড, ফরাসী অভিনেত্রী জুলিয়েট বিনোম ও দার্শনিক বার্নার্ড-হেনরি লেভি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫৪৫ঘ.
bdnews24