নিউ অরলিন্স, লুইজিয়ানা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- সমুদ্রের গভীরে তেলকূপ খননের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নে ওবামা প্রশাসনের করা আপিল বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে আদালত।
মেক্সিকো উপসাগরে কূপ বিস্ফোরণে তেল নিঃসরণের ঘটনায় গভীর সমুদ্রে তেলকূপ খননের কাজে ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রশাসন।
কিন্তু অর্থনৈতিক ক্ষতির কারণ দেখিয়ে ৩২টি তেল কোম্পানি এর বিরুদ্ধে আদালতে গেলে প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপকে অকার্যকর ঘোষণা করেন বিচারক।
বিচারকের ওই আদেশ স্থগিত করার জন্য ওবামা প্রশাসন আপিল আদালতের শরণাপন্ন হয়। কিন্তু বৃহস্পতিবারের রায়ে তাও ব্যর্থ হয়ে গেল।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী কেন সালাজার জানান, আদালতের রায় যাই হোক না কেন সমুদ্রের গভীরে তেলকূপ খনন বন্ধে শীঘ্রই তিনি একটি আদেশ জারি করবেন।
আইনি অনিশ্চয়তার জন্য তেল কোম্পানিগুলো তাদের কার্যক্রম শুরু করেনি বলেও জানান তিনি।
লুইজিয়ানার গভর্নর ববি জিন্ডাল আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানাননি।
এক বিবৃতিতে তিনি বলেন, "নিরাপদে তেলকূপ খননকাজ পর্যবেক্ষণে ফেডারেল সরকারের একটি পূর্ণাঙ্গ সংস্থা রয়েছে। সঠিক পদ্ধতি গ্রহণ এবং আইনকানুন মেনে চলা নিশ্চিত করতে নতুন একটি জাতীয় কমিশনের ছয় মাস বা তার বেশি সময় লাগা উচিত নয়।"
বৃহস্পতিবার বিপির ব্যবস্থাপনা পরিচালক বব ডুডলে জানান, ২৭ জুলাইয়ের মধ্যে স্থায়ীভাবে তেল নিঃসরণ বন্ধের চেষ্টা করছে বিপি।
গত ২০ এপ্রিলের এ দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত দুই থেকে চার মিলিয়ন ব্যারেল তেল মেক্সিকো উপসাগরে ছড়িয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩১ঘ.
bdnews24