নিউ ইয়র্ক, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)- ফিলিস্তিন ইসরায়েলের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় গেলে পশ্চিম তীরে ইহুদি বসতিগুলোর ভবিষ্যৎ নিয়ে এখনই আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার সিএনএন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, "যেসব বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করব তার মধ্যে একটি হলো বসতি স্থাপন।"
মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ শেষে নেতানিয়াহু নিউ ইয়র্ক যান।
বসতি স্থাপনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরে। নেতানিয়াহু এ নিষেধাজ্ঞার মেয়াদ অবশ্যই বাড়াবেন বলে আশা করছে মার্কিন প্রশাসন।
তবে ওবামা জানিয়েছেন, নেতানিয়াহু মেয়াদ বাড়ানোর ব্যাপারে ইচ্ছুক নন।
এদিকে পশ্চিমতীরে বসতি স্থাপনের ক্ষেত্রে যে কোনো ধরনের সীমারেখা টানার বিরোধিতা করেছে নেতানিয়াহুর জোট সরকার।
সরাসরি আলোচনা শুরু লক্ষ্যে এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই কিছু কার্যকর পদক্ষেপ আশা করছেন ওবামা।
টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে নেতানিয়াহু আলোচনার টেবিলে বসতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আবারো আহ্বান জানান।
সীমান্ত এলাকায় রকেট হামলা বন্ধে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ইসরায়েল ২২ দিনব্যাপী হামলা চালানোয় ২০০৮ সালের ডিসেম্বরে সরাসরি আলোচনা বন্ধ করে দেয় ফিলিস্তিন।
সাক্ষাতকার দেওয়ার আগে ইসরায়েলের প্রেসিডেন্ট নিউ ইয়র্কে আমেরিকার ইহুদি নেতাদের সঙ্গে সাক্ষাত করেন।
এসময় তিনি ৯/১১ এ নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে হামলার কথা স্মরণ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গভীর সম্পর্কের বিষয়ে কথা করেন।
নেতানিয়াহু বলেন, "ইসরায়েলের চেয়ে আমেরিকার ভালো কোনো বন্ধু নেই।"
এর আগে ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটসের সঙ্গে নিজ দেশের নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলেন তিনি।
তবে ফিলিস্তিনিদের দাবি, কিছু কিছু বিষয় ইসরায়েল পরিষ্কার না করা পর্যন্ত তারা সরাসরি আলোচনায় বসবে না।
তার মধ্যে প্রধানতম হচ্ছে, ফিলিস্তিনিদের রাষ্ট্রের কোন ধরনের ভৌগলিক সীমারেখা নেতানিয়াহু বিবেচনা করেন ও ইসরায়েলি সেনাদের জর্ডান উপত্যকা থেকে সরিয়ে নেওয়া হবে কি না সে বিষয়ে স্পষ্ট ঘোষণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২৯ঘ.
bdnews24