লন্ডন, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে দায়িত্ব দিয়ে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় অন্যতম সহিংসপ্রবণ এলাকা সানগিন জেলা থেকে ব্রিটিশ সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে।
হেলমান্ড প্রদেশের এ জেলা থেকে ব্রিটিশ চাকরিজীবীদেরও সরিয়ে নেওয়া হবে বলে বুধবার দ্য গার্ডিয়ান সংবাদপত্র ও বিবিসি জানিয়েছে। এ জেলায় ব্রিটিশ সেনার চেযে মার্কিন সেনার সংখ্যাই বেশি।
প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী লিয়াম ফক্স বুধবার সেনা প্রত্যাহারের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।
অবশ্য কয়েক মাসের মধ্যেই সানগিনে থাকা প্রায় এক হাজার সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবেনা বলেও জানানো হয়েছে।
তবে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করেননি।
আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে দ্বন্দ্ব ও দেশটির আফিম ব্যবসার প্রধান কেন্দ্র হওয়ায় সানগিন স্বাভাবিক ভাবেই বিপজ্জনক এলাকা।
২০০১ সালে আফগানিস্তানে তালেবানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে নিহত ৩১২ ব্রিটিশ সেনা ও চাকরিজীবীর মধ্যে সানগিনেই প্রায় এক তৃতীয়াংশ নিহত হয়েছেন।
আফগান যুদ্ধে নিয়োজিত সেনাদের মধ্যে সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ব্রিটেনের অবস্থান। আর হেলমান্দ প্রদেশে ব্রিটেনের ৮ হাজার সেনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২০৫ঘ.
bdnews24