নিউ ইয়র্ক, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- বিশ্ব শান্তির আহ্বান জানালেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান।
গত পাঁচ দশকের মধ্যে প্রথমবারের মতো তিনি জাতিসংঘ সদর দপ্তর পরিদর্শনে গেলেন। এর আগে ১৯৫৭ সালে তিনি জাতিসংঘ সদর দপ্তর পরিদর্শন করেছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় রাণী জানান, ৫৩ বছর আগে জাতিসংঘ যখন সবেমাত্র তার কার্যক্রম শুরু করেছে তখন তিনি এসেছিলেন।
সূচনালগ্ন থেকে 'স্মরণীয়' সাফল্যের জন্য জাতিসংঘের প্রশংসা করে এলিজাবেথ বলেন, "সন্ত্রাস ও জলবায়ু পরিবর্তনের নতুন চ্যালেঞ্জ বিশ্ব নেতাদের বড় পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে।"
কানাডায় নয়দিনের সফর শেষে তিনি নিউ ইয়র্কে এক দিনের সফরে আসেন।
সভায় বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনার পর রাণী গ্রাউন্ড জিরোতে গিয়ে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি এ হামলায় নিহতদের আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন।
টুইন টাওয়ার হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন।
৯/১১ এর ঘটনায় নিহত ব্রিটেনের ৬৭ ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ম্যানহাটান'স ব্রিটিশ মেমোরিয়াল গার্ডেন উদ্বোধন করার পর ব্রিটেনের উদ্দেশ্যে রওয়ানা হন রাণী এলিজাবেথ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৫৪ঘ.
bdnews24