২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচি নিয়ে দৃঢ় হচ্ছে চীন-পাকিস্তান সম্পর্ক

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ়তর করার বিষয়টি এ সপ্তাহেই নিশ্চিত করবে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 09:03 AM

Updated : 25 Aug 2022, 01:22 PM

বেইজিং, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ়তর করার বিষয়টি এ সপ্তাহেই নিশ্চিত করবে চীন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির চীনের প্রতি গভীর আনুগত্য প্রকাশ এবং পরমাণু শক্তি কর্মসূচি নিয়ে আরো কার্যকর চুক্তি স্বাক্ষরের মধ্যদিয়েই বিষয়টি পরিস্কার হবে। মঙ্গলবার থেকে জারদারি চীন সফর শুরু করবেন। পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ ভারত ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাব রয়েছে। পাকিস্তান এ বিষয়টি নিয়ে শঙ্কিত। বেইজিং যেন সবসময় ইসলামাবাদের পাশে থাকে এ বিষয়টি নিশ্চিত করতেই জারদারির এ সফর বলে বিবেচনা করা হচ্ছে। সফরকালে জারদারি চীনা প্রেসিডেন্ট হু জিনতাও ও প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর মাধ্যমে পাকিস্তানে চীনের বিনিয়োগের পথ আরো প্রসারিত হবে এবং পাঞ্জাব প্রদেশে চাশমা পরমাণু শক্তি কেন্দ্র বাড়াতে যে নিশ্চয়তা বেইজিং দিয়েছিল তা নিশ্চিত করবে। তবে চীনের এই পাকিস্তান প্রীতি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান ঘনিষ্ঠ সম্পর্কের পাল্টা কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকরা। ওয়াশিংটন, নয়া দিল্লী ও অন্যান্য রাজধানীর মতবিরোধ থাকার পরও বেইজিং চাশমাতে দুটি নতুন পারমাণবিক চুল্লি তৈরির প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে একটির কাজ শেষ হয়েছে এবং অন্যটির কাজও শেষের দিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪৫৫ঘ.