ওয়ারসো, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পোল্যান্ডে রাজনৈতিক উত্তেজনা নিরসনের অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী মধ্যরক্ষণশীল প্রার্থী ব্রোনিস্লাভ কোমোরোভস্কি।
রোববার নির্বাচনে জয়ের পর কমোরোভস্কি বলেন, "মতভেদ গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই বিভেদ যেন সহযোগিতায় বাধা হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করতে আমাদেরকে কাজ করে যেতে হবে।"
তার এ অঙ্গীকারের মধ্য দিয়ে পোল্যান্ডে সরকার ও প্রেসিডেন্টের মধ্যে চলে আসা দ্বন্দ্ব দূর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
রাজনৈতিক উত্তেজনা কমানোর চেষ্টা নেওয়ার পাশপাশি প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কারের কথাও বলেছেন কমোরোভস্কি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী বছর পোল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মুখে দলীয় স্বার্থ বিবেচনায় তার পরিকল্পনা বাস্তবায়ন করা নিয়ে সংশয় আছে।
নির্বাচন কমিশন সোমবার জানিয়েছে, রোববার অনুষ্ঠিত ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলে কোমোরোভস্কি পেয়েছেন ৫৩ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়ারোস্লাভ কাচিনস্কি পেয়েছেন ৪৭ শতাংশ ভোট।
কাচিনস্কি পোল্যান্ডের প্রয়াত প্রেসিডেন্ট লেচ কাচিনস্কির জমজ ভাই। গত এপ্রিলে বিমান দুর্ঘটনায় লেচ কাচিনস্কি নিহত হন। এরপর ২০ জুন প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে পোল্যান্ডে। ওই নির্বাচনে কমোরোভস্কি সর্বোচ্চ ভোট পেলেও সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ায় ২য় দফায় ভোট হয়।
সোমবার নির্বাচনের প্রাথমিক ফলে পোল্যান্ডের স্পিকার ও অস্থায়ী প্রেসিডেন্ট কোমোরোভস্কি জয়ী হয়েছেন বলে নির্বাচন কমিশন জানায়। ফলে তিনিই হতে চলেছেন পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট। তার প্রতিপক্ষ কাচিনস্কি ইতোমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৪৬ঘ.
bdnews24