২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতজুড়ে বনধ

পেট্রোল ও ডিজেলের মূল্য বাড়ানোর প্রতিবাদে প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টিসহ (বিজেপি) কয়েকটি বামদল ভারতজুড়ে সোমবার সকাল-সন্ধ্যা বনধ পালন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 04:38 AM

Updated : 25 Aug 2022, 01:22 PM

নয়া দিল্লি, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পেট্রোল ও ডিজেলের মূল্য বাড়ানোর প্রতিবাদে প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টিসহ (বিজেপি) কয়েকটি বামদল ভারতজুড়ে সোমবার সকাল-সন্ধ্যা বনধ পালন করছে। ওদিকে, ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি রোববার জানিয়েছেন, সরকার বিরোধীরা বনধ পালন করলেও জ্বালানির দাম কমানো হবে না। বনধের ফলে ভারতে বিমানের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। মালবোঝাই অসংখ্য ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বন্ধ রয়েছে অনেক স্কুল-কলেজ এবং অফিস। দোকানপাটও তেমন খুলেনি। অবশ্য রাজ্যভেদে বনধের প্রভাব ভিন্ন রকম। বিরোধীদল ও ক্ষমতাসীন কংগ্রেস নিয়ন্ত্রিত রাজ্যগুলোতে এই ভিন্নতা দেখা যায়। বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, মুম্বাই ও দিল্লি বিমানবন্দর খোলা রয়েছে। কিন্তু যাত্রী সংখ্যা কম থাকায় কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। বামপন্থীদের ঘাঁটি কলকাতার বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে। এছাড়া বিজেপি শাসিত কর্ণাটক প্রদেশের ব্যাঙ্গালোরে সব সফটঅয়্যার ফার্ম সহ আক্ষরিক অর্থেই সবকিছু বন্ধ রয়েছে। মুম্বাইয়ের রাস্তায় কোন ট্যাক্সি চলাচল করছেনা এবং ট্রেন স্টেশন ও বাস স্টপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাতীয় ট্রাক চালক সমিতি জানিয়েছে, ভারতবাসীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে প্রায় ৬ লাখের বেশি ট্রাক রাস্তায় দাঁড়িয়ে আছে। বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানির মতে, তেরটির বেশি বিরোধী দল একজোট হয়ে ভারত বন্ধ ডেকেছে। এমন ঘটনা ভারতের রাজনৈতিক ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। অন্যদিকে কংগ্রেসের একজন শীর্ষ নেতা বলেছেন, "১৯৪৭ সাল থেকেই মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির সমস্যা রয়েছে। যে দল বিরোধী অবস্থানে থাকে, সে দলই তখন মূল্যবৃদ্ধিকে রাজনৈতিক ইস্যু করার চেষ্টা চালায়।" মুম্বাইয়ের একজন গৃহকর্মী চন্দ্রা বাইয়ের মতে, বিরোধীদল বলছে বন্ধে সাধারণ মানুষের পুরোপুরি সমর্থন রয়েছে; কিন্তু ব্যাপারটি এমন নয়। তার অভিযোগ, "একদিকে সব কিছুর দাম আকাশচুম্বি অন্যদিকে তারা বন্ধ ডেকে আমাদের আরো সমস্যার মুখোমুখি করেছে। আমাদের মুক্তি কোথায়?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/বিসিএস/০১২৯ঘ.