২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিজ্ঞানীর মুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের চাপ

ইরান শনিবার তাদের নিখোঁজ পরমাণু বিজ্ঞানী মুক্তির দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রকে ওই বিজ্ঞানী অপহরণ সম্পর্কিত আরো তথ্য দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 11:49 AM

Updated : 25 Aug 2022, 01:18 PM

তেহরান, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রযটার্স)- ইরান শনিবার তাদের নিখোঁজ পরমাণু বিজ্ঞানী মুক্তির দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রকে ওই বিজ্ঞানী অপহরণ সম্পর্কিত আরো তথ্য দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানিয়েছেন। শাহরাম আমিরি নামের এ বিজ্ঞানীকে সিআইএ অপহরণ করেছে বলে ইরান অভিযোগ করে আসছে। এক বছর আগে সৌদি আরবে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ইরানের আণবিক শক্তি সংস্থায় কাজ করা বিশ্ববিদ্যালয়ের এ গবেষক নিখোঁজ হন। রিয়াদ আমিরিকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে বলে তেহরান অভিযোগ করলেও সৌদি আরব তা অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্তের বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানায়, "আমিরিকে যে সিআইএ অপহরণ করেছে সেসব তথ্য আমেরিকার স্বার্থের সংরক্ষক হিসাবে সুইস দূতাবাসকে দেওয়া হয়েছে।" ইরানে যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাস নেই। সেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় সুইস দূতাবাসের মাধ্যমে পরিচালিত হয়। মেহমানপারাস্ত বলেন, "আমিরির পরিবারের জোর দাবি হলো, যত তাড়াতাড়ি সম্ভব আমিরিকে তার পরিবার ও ইরানের কাছে হস্তান্তর করা হোক।" আমিরি সিআইএ কে সহায়তা করে আসছিলেন বলে মার্চ মাসে এবিসি নিউজ জানায়। তবে মার্কিন এ গোয়েন্দা সংস্থা সেসময় কোনো মন্তব্য না করলেও আমিরিকে অপহরণের অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটনের কর্মকর্তারা। আর গত মাসে ইন্টারনেটে একটি ভিডিওচিত্র প্রকাশ করা হয়েছিল। যাতে দেখা যায় এক ব্যক্ত নিজেকে আমিরি বলে দাবি করছেন। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসুচির সঙ্গে আমিরির সম্পৃক্ততা প্রাথমিকভাবে অস্বীকার করেছে তেহরান। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে ওয়াশিংটন ও এর সহযোগী দেশগুলো অভিযোগ করলেও ইরান জানিয়েছে তাদের এ কর্মসূচির উদ্দেশ্য হলো বিদ্যুৎ উৎপাদন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬৫৭ ঘ.