২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় পেট্রোলবাহী লরি বিস্ফোরণে ২০০ জন নিহত

কঙ্গোর পূর্বাঞ্চলে শুক্রবার একটি পেট্রোলবাহী লরি বিস্ফোরণ ও তা থেকে একটি গ্রামে আগুন লেগে গেলে কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 09:47 AM

Updated : 25 Aug 2022, 01:14 PM

কিনশাসা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোর পূর্বাঞ্চলে শুক্রবার একটি পেট্রোলবাহী লরি বিস্ফোরণ ও তা থেকে একটি গ্রামে আগুন লেগে গেলে কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ১০০ জন। স্থানীয় গভর্নর শনিবার একথা জানিয়েছেন। জাতিসংঘের কঙ্গো মিশনের একজন মুখপাত্র জানান, এ দুর্ঘটনা থেকে লোকজনকে বাঁচাতে গিয়ে শান্তিরক্ষী বাহিনীর কয়েকজনও নিহত হয়েছেন। তবে বিবিসি জানিয়েছে, সংশোধিত প্রতিবেদনে জাতিসংঘ নিশ্চিত করেছে, কোনো শান্তিরক্ষী মারা যায়নি। সাউথ কিভু প্রদেশের গভর্নর মারচেলিয়ন কিসাম্বো বলেন, একটি তেলবোঝাই লরি উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, লরিটি উল্টে যাওয়ার পর সব দিক থেকে পেট্রোল বের হতে থাকে এবং এক সময় বিস্ফোরিত হয়। এতে নিকটবর্তী গ্রাম সাঙ্গে তে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২০০ এর বেশি লোক নিহত হয়েছেন এবং মারাত্মকভাবে আহত হয়েছেন প্রায় ১০০ জন। কিসাম্বো বলেন, "তেল চুরি করতে গিয়ে কিছু লোক নিহত হয়েছে। কিন্তু বেশিরভাগই নিহত হয়েছেন যারা ঘরের ভিতর বিশ্বকাপের খেলা দেখছিল।" কিসাম্বো আরো বলেন, প্রাদেশিক রাজধানী বুকাভু এবং বুরুন্ডির সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর উভিরার মধ্যে সংযোগকারী রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৬২৬ঘ.