২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পেট্রাউসের

আফগানিস্তানে নবনিযুক্ত ন্যাটো কমান্ডার যুক্তরাষ্ট্রের জেনারেল ডেভিড পেট্রাউস নয় বছরব্যাপী তালেবানবিরোধী যুদ্ধ অবসানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 09:37 AM

Updated : 25 Aug 2022, 01:14 PM

কাবুল, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- আফগানিস্তানে নবনিযুক্ত ন্যাটো কমান্ডার যুক্তরাষ্ট্রের জেনারেল ডেভিড পেট্রাউস নয় বছরব্যাপী তালেবানবিরোধী যুদ্ধ অবসানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। তিনি আফগানিস্তানে নিযুক্ত সম্মিলিত বাহিনীর সেনাদের উদ্দেশ্যে দেওয়া তার প্রথম ভাষণে এ আহ্বান জানান। তিনি বলেন, "আমরা অবশ্যই সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের অভিন্ন উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবো। আফগান ও বিদেশি জনগণ এবং সেনা আমরা সবাই একই দলের অংশ, আমাদের লক্ষ্য অভিন্ন।" পর্যবেক্ষকরা বলছেন, চার তারকাধারী জেনারেল পেট্রাউস শুক্রবার আফগানিস্তান পৌঁছেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তার সামনে এখন শান্তি ফিরিয়ে আনা এবং তালেবানদের বিরুদ্ধে যুদ্ধরত জোট সেনাদের সসম্মানে বিদায় নিশ্চিত করার গুরু দায়িত্ব। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদযাপন করতে শনিবার কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের লনে রাষ্ট্রদূতের সঙ্গে দাঁড়িয়ে সামরিক পোশাক পরিহিত জেনারেল যুক্তরাষ্ট্রের প্রায় ১ হাজার ৭০০ কূটনীতিক ও অতিথিকে স্বাগত জানান। সেখানে আফগান যুদ্ধের নতুন কমান্ডার সবার উদ্দেশ্যে তার প্রথম ভাষণ দেন। তিনি এমন এক সময়ে এসেছেন যখন আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাদের মৃত্যুর হার সর্বাধিক। আফগান পার্লামেন্ট সদস্য আহমেদ বেহজাদ এএফপিকে বলেন, "পেট্রাউসকে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে মৌলিক কৌশলগত পরিবর্তন আনতে হবে।" তিনি আরো বলেন, "বিদেশি সেনাদের নেতৃত্বের পরিবর্তন তখনই কার্যকর হবে যদি আমরা দেখি জঙ্গিদের প্রতি আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৫২১ঘ.