তেহরান, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের কাছে লেখা এক চিঠিতে ইরান বলেছে, দেশটির ওপর আরোপিত নতুন জাতিসংঘ নিষেধাজ্ঞা তাদের পরমাণু কর্মসূচির ওপর কোনো প্রভাব ফেলবে না। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বৃহস্পতিবার একথা জানিয়েছে।
চিঠিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রী মানুচের মোত্তাকি বলেন, "এ ধরনের জাতিসংঘ নিষেধাজ্ঞার কারণে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি কোনোভাবেই ব্যাহত হবে না।"
নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের কাছে লেখা এ চিঠিতে মোত্তাকি আরো বলেন, "ইরান অন্য যে কোনো সময়ের চেয়ে এখন তার পরমাণু কর্মসূচির সমৃদ্ধির বিষয়ে আরো বেশি প্রতিজ্ঞাবদ্ধ।"
যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর জোরাজুরিতে আকস্মিকভাবে ইরানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে তার সমালোচনা করেছেন মোত্তাকি।
ইরানের মহান জাতির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাকে অবৈধ ও অবিচার বলে দাবি করেছেন তিনি।
তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির কারণে ১৯ জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যসহ মোট ১২ সদস্য ইরানের বিরুদ্ধে চতুর্থ দফা জাতিসংঘ নিষেধাজ্ঞা
প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ব্রাজিল ও তুরস্ক নিষেধাজ্ঞা প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় এবং লেবানন ভোটদান থেকে বিরত থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২০১৭ ঘ.
bdnews24