২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়ায় আল কায়েদার হামলায় ১১ পুলিশ নিহত

আলজেরিয়ায় আল কায়েদা জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় ১১ জন আধাসামরিক পুলিশ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 04:47 AM

Updated : 25 Aug 2022, 01:09 PM

আলজিয়ার্স, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলজেরিয়ায় আল কায়েদা জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় ১১ জন আধাসামরিক পুলিশ নিহত হয়েছেন। বুধবার দেশটির সাহারা মরুভূমিতে এই হামলা চালানো হয় বলে নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে। হামলার ফলে এ বিষয়টিই স্পষ্ট হয়, সাহারা মরুভূমিতে জঙ্গিরা বেশ শক্ত অবস্থানে রয়েছে। বিস্তৃত এই প্রান্তরে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এখানে আল কায়েদা নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করতে চাইছে বলে নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন। মালি'র সীমান্তবর্তী আলজেরিয়া অংশে তামানরাসেট অঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর একটি দল জঙ্গিদের চোরাগোপ্তা হামলার শিকার হন। আলজেরিয়ার এল ওয়াতান সংবাদপত্র তাদের ইন্টারনেট ভার্সনে এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সংশ্লিষ্ট কোনো সরকারি কর্মকর্তা এ প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলেন, "শুধুমাত্র ১১ পুলিশ নিহতের ঘটনাটি আমি নিশ্চিত করতে পারি।" তবে এই হামলার ঘটনা জ্বালানি রপ্তানিকারক আলজেরিয়ার কোনো গুরুত্বপূর্ণ তেল অথবা গ্যাস ক্ষেত্রের কাছে ঘটেনি। আলজেরিয়া ও তার কয়েকটি প্রতিবেশি রাষ্ট্র এ বছরই সাহারায় আল কায়েদার হুমকি মোকাবিলার লক্ষ্যে যৌথ সেনা সদর দপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। যে অঞ্চলে সদর দপ্তর প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে সেখানেই এই হামলা চালানো হলো। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, আল কায়েদা মরু অঞ্চলে তাদের ঘাঁটি তৈরি করতে চাইছে। আর এ জন্য তারা আলজেরিয়া, মালি, মৌরিতানিয়া ও নাইজারের সীমান্তবর্তী অঞ্চলকে বেছে নিয়েছে। কেননা এসব সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা খুব শিথিল, যে জন্য এ অঞ্চল মাদক চোরাচালানীদের নিরাপদ পথ। অবশ্য এখনো পর্যন্ত পুলিশ নিহতের ঘটনা ছাড়া এ অঞ্চলে জঙ্গিদের বড় ধরনের কোনো হামলা চালানোর খবর পাওয়া যায়নি। তারা বিদেশিদের অপহরণ করে বড় অংকের মুক্তিপণ আদায়ের বিষয়েই এখনো পর্যন্ত বেশী মনোযোগী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪০ঘ.