বার্লিন, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর/রয়টার্স/এএফপি)--- জার্মানির নতুন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটাভুটিতেও সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছেন চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের প্রার্থী ক্রিস্টিয়ান ভুল্ফ। ফলে তৃতীয় দফা ভোটের প্রয়োজন পড়বে।
তৃতীয় পর্বের ভোট শুরু হবে শিগগিরি।
ভোটের ২য় পর্বে লোয়ার স্যাক্সনি রাজ্যের গভর্নর ভুল্ফ পেয়েছেন ৬১৫ ভোট। প্রথম পর্বে তিনি পেয়েছিলেন ৬০০ ভোট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬২৩ ভোট প্রয়োজন।
ভুল্ফের প্রতিদ্বন্দ্বী স্যোশাল ডেমোক্রেটিক পার্টি ও গ্রিন পার্টি প্রার্থী ইওয়াখিম গাউক পেয়েছেন ৪৯০ ভোট। প্রথম দফায় তার ভোট ছিল ৪৯৯। আর বামপন্থী দলের লুক ইওখিনজেন পেয়েছেন ১২৩ টি ভোট। প্রথমবার তিনি পেয়েছিলেন ১২৬ ভোট।
তৃতীয় দফা ভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটেই ভুল্ফ জয়ী হতে পারেন বলে মনে করা হচ্ছে।
জার্মানিতে অর্থনৈতিক সঙ্কট সামাল দেওয়া নিয়ে চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের নেতৃত্ব সমালোচনার মুখে পড়েছে এবং তার জনসমর্থন কমে আসছে। ফলে এ সময়টিতে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জোট সরকার প্রার্থী ভুল্ফের পরিস্কার জয়লাভ মের্কেলের জন্য জরুরি।
সেকারণে এ ভোটকে মের্কেলের কর্তৃত্ব ধরে রাখার কঠিন পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে।
ভুল্ফ দু পর্বের ভোটেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় সরকারের প্রত্যাশা পূর্ণ হয়নি। এবার তৃতীয় দফা ভোটে কি হয় তাই এখন দেখার বিষয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২২২ ঘ.
bdnews24