বেইজিং, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গিজু প্রদেশে ভারী বর্ষণের কারণে সোমবার ভূমিধসে একশ'র বেশি মানুষ মাটিচাপা পড়েছে। স্থানীয় এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে, গিজু প্রদেশের দাজহাই গ্রামে মাটি খুঁড়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
তবে উদ্ধারকর্মীরা ততক্ষণ পর্যন্ত কোনো প্রাণের চিহ্ন খুঁজে পায়নি বলেও টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে।
গুয়ালিং জেলার জরুরি সেবা প্রদান কেন্দ্রের কর্মকর্তা ওয়াং এএফপিকে বলেন, ভূমিধসে ৩৭ টি পরিবারের ১১৭ জন লোক মাটিচাপা পড়েছে।
তিনি আরো বলেন, "এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার ফলে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।"
চীনে এ বছর বন্যায় কমপক্ষে ৩৭৯ জন নিহত হয়েছে বলে গত সপ্তাহের শেষ দিকে সরকারিভাবে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২৩৪৪ ঘ.
bdnews24