২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানে সংসদীয় গণতন্ত্রের পক্ষে রায়

কিরগিজস্তানে সংসদীয় গণতন্ত্রের পক্ষেই রায় দিয়েছেন ভোটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 09:08 AM

Updated : 25 Aug 2022, 12:58 PM

বিশকেক, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিরগিজস্তানে সংসদীয় গণতন্ত্রের পক্ষেই রায় দিয়েছেন ভোটাররা। সোমবার প্রকাশিত গণভোটের আংশিক ফলাফলে দেখা যায়, প্রায় ৯০ দশমিক ৮ শতাংশ ভোটার নতুন সরকার ব্যবস্থা গ্রহণের পক্ষপাতী। কিরগিজস্তানে রোববার সংসদীয় গণতন্ত্রে উত্তরণের লক্ষ্যে নতুন সংবিধান প্রবর্তনে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এরফলে দেশটিতে যদি নতুন সরকার ব্যবস্থা চালু হয় তবে মধ্যএশিয়ায় কিরগিজস্তানই হবে সংসদীয় গণতন্ত্র পদ্ধতির প্রথম রাষ্ট্র। সোমবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেশটির ২,৩১৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৪ দশমিক ৪ শতাংশ কেন্দ্র থেকে প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, মাত্র ৭ দশমিক ৯ শতাংশ ভোটার নতুন সংবিদানের বিপক্ষে ভোট দিয়েছে। আগামী অক্টোবরে দেশটিতে সংসদ নির্বাচনের আগে নতুন সংবিধান প্রবর্তনের লক্ষ্যে এই গণভোট অনুষ্ঠিত হয়। এদিকে ইসলামি জঙ্গিবাদ উত্থানের আশঙ্কা প্রকাশ করে গণভোটের মাধ্যমে যে রাজনৈতিক পদ্ধতির দিকে কিরগিজস্তান যাচ্ছে, তাতে দেশটিতে ভাঙ্গন দেখা দিতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। কানাডার টরোন্টোতো অনুষ্ঠিত জি-টোয়েন্টির শীর্ষ সম্মেলন শেষে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, "সংসদীয় পদ্ধতি কিরগিজস্তানে কীভাবে কাজ করবে তা আমি বুঝতে পারছি না।" চলতি মাসেই দেশটির দক্ষিণাঞ্চলে কিরগিজ ও উজবেকদের মধ্যে জাতিগত সহিংসতায় অন্তত ২৯৪ জন নিহত হয়েছেন। রোববার রাতে নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণার আগে দেশটির অন্তর্বর্তী সরকার প্রধান রোজা ওতুনভায়েভা জানান, "জনগণের জন্য সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার পথে রয়েছে কিরগিজস্তান।" এদিকে রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, "আমরা আশা করছি যে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক সরকার ব্যবস্থার পক্ষে এটি একটি ফলপ্রসূ পদক্ষেপ। আমরা শান্ত ও সুশৃঙ্খল এ প্রক্রিয়াকে স্বাগত জানাই। তবে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছি আমরা।" নতুন চুক্তি অনুয়ায়ী, ২০১১ সাল নাগাদ ওতুনভায়েভা দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে থাকবেন। প্রতি পাঁচ বছর পরপরই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ও দেশের প্রেসিডেন্টের মেয়াদ হবে ছয় বছর। এখনও সহিংসতার হুমকি থাকায় ওতুনভায়েভা আগামী ১০ আগস্ট পর্যন্ত কিরগিজস্তানে জরুরি অবস্থা জারি রেখেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫১ঘ.