সিউল, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- উত্তর কোরিয়া রোববার দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজডুবি নিয়ে আন্তঃকোরীয় সামরিক আলোচনার পথ খোলা বলে জানিয়েছে। কিন্তু তাদের প্রস্তাব হচ্ছে, যুক্তরাষ্ট্র যেন এ ব্যাপারে আর নাক না গলায়।
জাহাজডুবির ঘটনায় পিয়ংইয়ংকে প্রথমে নিজস্ব উদ্যোগে তদন্ত করতে দিতে হবে--- দক্ষিণ কোরিয়ার কাছে এ দাবি আবারো জানিয়েছে উত্তর কোরিয়া। কিন্তু দক্ষিণ কোরিয়া বরাবরই এ দাবি প্রত্যাখ্যান করে আসছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ নাম প্রকাশে অনিচ্ছুক একজন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, "জাহাজ ডুবির ব্যাপারে যখন থেকে আমাদের সংশ্লিষ্টতার কথা বলা হলো তখন থেকেই আমরা চাইছিলাম আমাদের তদন্ত কমিটিকে দক্ষিণ কোরিয়া পাঠাবো এবং তারপর তদন্তের ফল নিয়ে দুই কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক হবে।" উত্তর কোরিয়া এখনো একই অবস্থানে অটল বলে জানান ওই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৯ ঘ.
bdnews24