ওয়াশিংটন , জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ আফগানিস্তানসহ অন্যান্য স্থানে স্থাপনা সুরক্ষার জন্য এক বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে ১০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে।
বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
অজ্ঞাতসূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, সিআইএ বিভিন্ন অঞ্চলে নিরাপত্তাকর্মীদের নিরাপত্তা ও স্থাপনা সুরক্ষার এক্সই সার্ভিসের সাথে এই চুক্তি করেছে।
উল্লেখ্য সাবেক ব্ল্যাকওয়াটার কোম্পানি বর্তমানে এক্সই সার্ভিস নামে পরিচিত।
পত্রিকাটি জানায়, আরো দুটি নিরাপত্তা কোম্পানি ট্রিপল ক্যানোপি এবং ডিনকর্প ইন্টারন্যাশনাল সিআইএ'র সাথে চুক্তি করতে ব্যর্থ হয়েছে।
আফগানিস্তানে নিরাপত্তা সেবার জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তায় এক্সই সার্ভিসের সঙ্গে ১২ কোটি ডলারের চুক্তি করার পর সিআইএ'র সাথে এই চুক্তি হলো।
২০০৭ সালে বাগদাদে ব্ল্যাকওয়াটারের ৫ গার্ডের গুলি ও গ্রেনেড হামলায় ১৭ জন নিরস্ত্র ইরাকি নিহত ও প্রায় ২৪ জন মানুষ আহত হওয়ার পর কোম্পানিটি ব্যাপক সমালোচিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৪২৫ঘ.
bdnews24