ভাঙ্কুভার, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২৫ বছর আগে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা হামলায় নিহতদের পরিবারের কাছে বুধবার ক্ষমা চেয়েছে কানাডা সরকার।
১৯৮৫ সালের ২৩ জুন এয়ার ইন্ডিয়ার বিমানটি কানাডা থেকে লন্ডন হয়ে ভারত যাওয়ার পথে বোমা হামলার শিকার হয়। হামলায় বিমানের ৩২৯ জন আরোহীই মারা যান।
বিমানের অধিকাংশ আরোহীই ছিলেন কানাডার নাগরিক এবং তারা ভারতে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
ওই দুর্ঘটনার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে টরেন্টোতে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন।
এয়ার ইন্ডিয়ার ১৮২ নম্বর ফ্লাইটে চালানো ওই হামলা এখনও পর্যন্ত বিমান পরিবহনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা।
এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী বলেন, "জুন মাসের এই দিনে (২৩ জুন) আয়ারল্যান্ডের দক্ষিণাঞ্চলে এই দুর্ঘটনা ও ৩২৯ জন মানুষের মৃত্যুবরণ করার কথা ছিল না।"
গত সপ্তাহে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর 'ক্রমাগত ভুল' এর কারণে বিমানটিকে হামলা থেকে রক্ষা করা যায়নি। তাদের কর্মদক্ষতা ও কার্যকর প্রচেষ্টার ঘাটতির কারণে হামলাকারীকে ধরা সম্ভব হয়নি।
নিহতদের পরিবার দীর্ঘদিন ধরেই এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কানাডার ব্যর্থতা নিয়ে অভিযোগ করছিল।
এ ঘটনায় ভাঙ্কুভার ভিত্তিক শিখরা জড়িত বলে কানাডীয় পুলিশের ধারণা, যারা ভারতে পৃথক নিজস্ব ভূখণ্ডের জন্য লড়াই করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২০৮ঘ.
bdnews24