ইস্তাম্বুল, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- তুরস্কের ইস্তাম্বুলে সোমবার সেনা পরিবহনে নিয়োজিত একটি কোচে বোমা হামলায় অন্তত চার জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। টেলিভিশনসূত্রে এ খবর জানা গেছে।
তুরস্কের হালকালি জেলার রাস্তা দিয়ে যখন কোচটি যাচ্ছিল তখন (০৪৪৫ জিএমটি) বোমা হামলা চালানো হয়। তুরস্কের এনটিভি এবং সিএনএন তুর্ক-এর প্রতিবেদনে দেখা যায় কোচটির ব্যাপকভাবে বিধ্বস্ত হওয়ার দৃশ্য।
ইস্তাম্বুলের প্রাদেশিক গভার্ণর হুসেইন আভনি মুটলু সাংবাদিকদের বলেন, "হামলায় প্রায় ১০/১২ জন আহত হয়েছে এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।"
তিনি আরো বলেন, "এটি ছিল একটি সন্ত্রাসী হামলা এবং এ হামলার উদ্দেশ্য পরিস্কার - বিভক্তি, উদ্বেগ ও হতাশা সৃষ্টি করা।"
কোচটিতে সৈনিকদের পরিবারের সদস্যরাও ছিলেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পুলিশ কর্ডন দিয়ে ঘিরে রেখেছে।
এখনো পর্যন্ত এ হামলায় দায়িত্ব কেউ স্বীকার করেনি।
বিদ্রোহী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) তুরস্কের সব শহরেই হামলা চালানোর হুমকি দিয়েছিল।
নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পাটিকে তুরস্ক সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে। সংগঠনটি দেশের কুর্দি অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলে পৃথক রাষ্ট্রের দাবিতে দীর্ঘ ২৬ বছর ধরে তুরস্কের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।
ইতোপূর্বে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে হামলার জন্য এ সংগঠনটিকেই দায়ী করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/১২৫৭ঘ.
bdnews24