ডনউ অরলিনস্, লুইজিয়ানা, ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- মেক্সিকো উপসাগরে তেল দুর্ঘটনায় সৃষ্ট সংকট নিরসনে সময় ব্যয় করার পরিবর্তে ছেলের সঙ্গে নৌ-ভ্রমণ করে সময় কাটানোয় নতুন করে সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা টনি হেওয়ার্ড।
ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে 'জেপি মরগ্যান অ্যাসেট ম্যানেজমেন্ট রাউন্ড দ্য আইল্যান্ড রেস' এ তাকে ছেলের সঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে। এ দ্বীপে শ শ নৌ প্রতিযোগিতা চলে। ফটোগ্রাফাররা পরে হেওয়ার্ডকে বহুমূল্যের ফার ৫২ রেসিং ইয়টে দেখতে পায়।
তাৎক্ষণিকভাবে এর সমালোচনা করেছে হোয়াইট হাউস এবং পরিবেশবাদী দলগুলো। তারা একে পরিবেশ বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য 'অপমান' আখ্যা দিয়েছে। ওদিকে, হোয়াইট হাউস বলেছে, এ ঘটনা বিপির অসংখ্য ভুলের খাতায় আরেকটি ভুল।
তবে বিপি হেওয়ার্ডের পক্ষ নিয়ে বলেছে, তেল দুর্ঘটনার পর এদিনই প্রথম সাপ্তাহিক ছুটি কাটিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৬ ঘ.
bdnews24