জোহানেসবার্গ, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- রুয়ান্ডার সাবেক সেনাপ্রধান ফাউস্তিন কাউম্বা নিয়ামবাসা শনিবার জোহানেসবার্গে তার বাড়িতে প্রবেশের সময় গুলিবিদ্ধ হয়েছেন। পেটে গুলিবিদ্ধ নিয়ামবাসা এখন হাসপাতালে চিকিৎসাধীন।
তার স্ত্রী রোববার একথা জানিয়েছেন। তিনি জানান, নিয়ামবাসার অবস্থার উন্নতি হচ্ছে। তার এক্সরে করা হয়েছে এবং ডাক্তাররা বলেছেন, অপারেশনের কোনোও প্রয়োজন নেই।
স্ত্রী রোসেত্তে নিয়ামবাসার দাবি, নিয়ামবাসা কে হত্যার চেষ্টা করা হয়েছিল।
কে বা কারা তার ওপর হামলা করেছে তা জানা যায়নি। অজ্ঞাত এক বন্দুকধারী তার ওপর হামলা চালায়। পরে আহত নিয়ামবাসার সঙ্গে ধস্তাধস্তির পর বন্দুকধারী পালিয়ে যায়।
পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫২ ঘ.
bdnews24