ওয়ারশ , জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- পোল্যান্ডে রোববার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোট দিচ্ছেন ৩ কোটি ৮০ লাখ ভোটার। স্থানীয় সময় রাত ৮ টা (গ্রীনিচ মান সময় ০৪০০ থেকে ১৮০০) পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট লেস কাজিনস্কির মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হচ্ছে।
জনমত জরিপে দেখা গেছে, পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে 'ল অ্যান্ড জাস্টিস' পার্টির সাবেক প্রধানমন্ত্রী জারোস্লাভ কাজিনস্কি (৬১) এবং সিভিক প্ল্যাটফর্মের ব্রোনিস্লাভ কোমোরোভস্কির (৫৮) মধ্যেই মূল লড়াই হবে।
'ল অ্যান্ড জাস্টিস' পার্টির পক্ষ থেকে বিমান দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট লেস কাজিনিস্কির জায়গায় এবার তার যমজ ভাই জারোস্লাভ কাজিনস্কি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জরিপে দেখা যায়, কোমোরোভস্কি ৪১ থেকে ৫১ শতাংশ এবং জারোস্লাভ কাজিনস্কি ২৯ থেকে ৩৫ শতাংশ ভোট পেতে পারেন।
জনমত জরিপের ফলাফলে বাকি আট প্রতিদ্বন্দ্বী এ দুজনের চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন।
যদি কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পান তাহলে ৪ জুলাই প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে।
গত ১০ এপ্রিল পশ্চিম রাশিয়ার স্মোলেনেস্ক বিমান বন্দরের কাছে পোলান্ডের সরকারি বিমান বিধ্বস্ত হয়ে লেস কাজিনিস্কি, তার স্ত্রী মারিয়া ও দেশটির উর্ধ্বতন রাজনীতিক, কূটনীতিক ও সামরিক এবং বেসামরিক কর্মকর্তাসহ আরো ৯৫ জন মৃত্যুবরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/১৩৫৬ ঘ.
bdnews24