বোগোটা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-কলম্বিয়ায় রোববারে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের কারণে পার্শ্ববর্তী সব দেশের সঙ্গে সীমান্ত পারাপার বন্ধ করে দেবে।
দেশটির স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ব্রাজিল, ইকুয়েডর, পানামা, পেরু এবং ভেনেজুয়েলার সঙ্গে রোববার স্থানীয় সময় ভোর ৪টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত (০৯০০-২১০০ জিএমটি) সীমান্ত পারাপার বন্ধ থাকবে। ভোটগ্রহণের সময় জাতীয় নিরাপত্তার স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।
অন্যদিকে নির্বাচনী নিরাপত্তা সম্পর্কিত কারণে শুক্রবার থেকে নির্বাচনের পর পর্যন্ত যে কোনো ধরনের মাদকদ্রব্য বেচাকেনা নিষিদ্ধ করা হয়েছে।
প্রেসিডেন্ট আলভারো উরিবের উত্তরাধিকারী নির্বাচনের জন্য প্রায় ৩ কোটি ভোটার রোববারের ভোটে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জুয়ান ম্যানুয়েল স্যানটোস এবং বোগোটার দুইবারের নির্বাচিত সাবেক মেয়র আন্তানাস মককুস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে ৩০ মে অনুষ্ঠিত প্রথম পর্বের ভোটে এই দুইজন এগিয়ে ছিলেন। তবে কেউই এককভাবে সরকার গঠনের জন্য ৫০ শতাংশ ভোট পায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৫২৭ঘ.
bdnews24