নিউ ইয়র্ক, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- টাইম স্কয়ারে বোমা হামলা প্রচেষ্টায় জড়িত সন্দেহে আটক পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ফেডারেল গ্র্যান্ড জুরি কর্তৃক তার বিরুদ্ধে ১০ গুরুতর অভিযোগ গঠন করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন জেলের ঘানি টানতে হবে।
অভিযোগে বলা হয়, ফয়সালের সঙ্গে পাকিস্তানি তালেবান গোষ্ঠীর যোগাযোগ রয়েছে। সে পাকিস্তানের সীমান্তবর্তী তালেবানদের শক্ত ঘাঁটি ওয়াজিরিস্তানে বোমার ওপর প্রশিক্ষণ নিয়েছে।
এটর্নি জেনারেল এরিক হোল্ডার জানান, "অভিযোগে প্রতীয়মান হয়, যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা চালানোর জন্য পাকিস্তানি তালেবানরা ফয়সালকে তৈরি করেছে।"
অভিযোগে আরো জানানো হয়, এক ব্যক্তির মাধ্যমে ফয়সাল অর্থও নিয়েছে, যিনি ওই গোষ্ঠীর হয়ে কাজ করছেন বলে ধারণা।
এ ছাড়াও অন্যান্য গুরুতর অভিযোগগুলোর মধ্যে রয়েছে, গণবিধ্বংসী অস্ত্র হামলা প্রচেষ্টা, যুক্তরাষ্ট্রের সীমানায় সন্ত্রাসী হামলা প্রচেষ্টাসহ বিস্ফোরক ও অস্ত্র সম্পর্কিত অভিযোগ।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে গাড়িবোমা হামলা প্রচেষ্টায় জড়িত সন্দেহে গত ৩ মে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। দুবাইগামী বিমানে ওঠার উদ্দেশ্যে সে বিমানবন্দরে গিয়েছিল।
গ্রেপ্তারের পর ফয়সাল স্বীকার করে, বোমা বানানোর প্রশিক্ষণ সে পাকিস্তানে নিয়েছে। পাশপাশি টাইমস স্কয়ারে বিস্ফোরণের উদ্দেশ্যে একটি পাথ ফাইন্ডার গাড়ি চালিয়ে নিয়ে রেখে আসার বিষয়টিও সে স্বীকার করেছে বলে অভিযোগ গঠনের পত্রে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৪ঘ.
bdnews24