২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকান সেনাবাহিনীর গুলিতে মাদকচক্রের ১৫ সদস্য নিহত

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে মঙ্গলবার সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে মাদকচক্রের সন্দেহভাজন ১৫ সদস্য নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 05:58 AM

Updated : 25 Aug 2022, 12:18 PM

মেক্সিকো সিটি, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর পশ্চিমাঞ্চলে মঙ্গলবার সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে মাদকচক্রের সন্দেহভাজন ১৫ সদস্য নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মেক্সিকো সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ট্যাক্সকোতে সেনাবাহিনী মাদকচক্রের একটি নিরাপদ আশ্রয়স্থলে তল্লাশি চালাতে গেলে চক্রের সদস্যরা গুলি করতে থাকে। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। প্রায় ৪০ মিনিটব্যাপী চলা এ বন্দুকযুদ্ধে হামলাকারীরা নিহত হয়। সোমবার পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে পুলিশের গাড়িবহরের ওপর মাদকচক্রের সদস্যরা চোরাগুপ্তা হামলা চালিয়ে ১০ পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। তার একদিন পরই এ ঘটনা ঘটল। মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরন ২০০৬ সালে ক্ষমতায় আসার পর মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। এতে এ পর্যন্ত ২৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। কাল্ডেরন তার মাদকবিরোধী লড়াইকে সমর্থন করতে গিয়ে মঙ্গলবার একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেন, "এটা একটা যুদ্ধ। আর এতে আমরা জয়ী হতে যাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১৪৩ঘ.