২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেন হত্যা মিশনে যাওয়া মার্কিনী পাকিস্তানে গ্রেপ্তার

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করে হত্যা করতে যাওয়ার সন্দেহে এক সশস্ত্র মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পাকিস্তান। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 12:12 PM

পেশোয়ার, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করে হত্যা করতে যাওয়ার সন্দেহে এক সশস্ত্র মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পাকিস্তান। পুলিশ মঙ্গলবার একথা জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার অধিবাসী ৫০ বছর বয়সী গ্যারি ব্র"কস ফকনারকে পাকিস্তান সোমবার গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ড্যাগার ও একটি তরোবারি উদ্ধার করা হয়েছে। ওসামা বিন লাদেনকে হত্যার জন্য এসব অস্ত্র নিয়ে ঘুরছিলেন তিনি। বিশ্বের মোস্ট ওয়ানটেড ব্যক্তি লাদেনের জন্য যুক্তরাষ্ট্র ২ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করার পর এ ধরনের ঘটনা পাকিস্তানে এটাই প্রথম। পুলিশ বলেছে, কিডনি সমস্যা ও উচ্চরক্তচাপে ভোগা এ মার্কিনী পর্যটক হিসাবে চিত্রল জেলায় পৌঁছেন। নিয়মিত নিরাপত্তা ব্যবস্থাধীনে একটি হোটেলে ওঠেন তিনি। কিন্তু রোববার রাতে তিনি উধাও হয়ে যান। নিরাপত্তা রক্ষীরা তাকে দেখতে না পেয়ে তল্লাশি শুরু করে। পরে পাক-আফগান সীমান্তের ১৪ কিলোমিটার দূরে তাকে খুঁজে পাওয়া যায়। তিনি নুরিস্তানে প্রবেশের চেষ্টা করছিলেন। পুলিশ কর্মকর্তা মমতাজ আহমেদ খান একথা জানান। খান বলেন, গ্যারিকে আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঐ অঞ্চলে তালেবানদের শক্ত ঘাঁটি রয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, গ্যারির কাছে নাইট ভিশন চশমা, নাইট ভিশন ক্যামেরা ও খ্রিস্টান ধর্মের বইও পাওয়া গেছে। খান জানান, যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলায় অনেক ক্ষতি হয়েছে। আর সেকারণেই ওসামা বিন লাদেন ও তার দোসরদের খুঁজে বের করতে চান বলে জানিয়েছেন গ্যারি। খান বলেন, "লাদেনকে হত্যা করার উদ্দেশ্যেই তিনি এখানে এসেছেন বলে আমরা ধারণা করছি।" গ্যারি মানসিকভাবে সুস্থ বলে জানিয়েছেন খান। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক মুখপাত্র ফকনারের বিষয়ে বলেন, "আমরা এখন তার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছি।" সৌদি-বংশোদ্ভূত লাদেনের বয়স এখন ৫০ এবং তিনি রুগ্নস্বাস্থ্য হয়ে পড়েছেন বলে শোনা যায়। লাদেন কোথায় আছেন সে সম্পর্কে স্পষ্ট কোনো গোয়েন্দা তথ্য নেই। তবে তিনি পাক-আফগান সীমান্তের পার্বত্য এলাকাতেই লুকিয়ে আছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/ ১৯৩৮ ঘ.