বিশকেক, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)--- জাতিসংঘ মঙ্গলবার কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে চলমান জাতিগত সহিংসতা সীমান্তের বাইরে ছড়িয়ে পড়া ঠেকানোর আহ্বান জানিয়েছে।
পাঁচদিন ধরে চলতে থাকা এ সহিংসতায় কমপক্ষে ১৭০ জন নিহত ও ১৮০০ জন আহত হয়েছে।
জাতিসংঘের বিশেষ দূত মিরোস্লাভ জেন্সা বলেছেন, কিরগিজ সরকারের উচিত সাবেক সোভিয়েতভুক্ত মধ্য এশিয়ার এ অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া।
তিনি সাংবাদিকদের বলেন, "এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো রক্তক্ষয় বন্ধ করা। এ সহিংসতা আর কোথাও ছড়িয়ে পড়তে দেওয়া যাবে না।"
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লে সোমবার দিনের শেষভাগে এক বিবৃতিতে কিরগিজ কর্তৃপক্ষকে নাগরিকদের রক্ষা করতে দ্রুত কার্যকার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, "কিরগিজস্তানে জাতিগত ভেদাভেদের ভিত্তিতে ধর্ষণ ও নারী, শিশুসহ সবার ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চলছে।"
ওদিকে, জাতিসংঘের রাজনীতি বিষয়ক প্রধান লিন প্যাসকো সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহ করতে করিডোর খোলার জন্য কিরগিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রয়টার্সের এক সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার ওশ শহরের পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে এসেছে।
তবে সহিংসতা থেকে রক্ষা পেতে ঘরবাড়ি ছেড়ে উজবেকিস্তানের সীমান্ত এলাকায় পলায়নপর হাজার হাজার উজবেক শরণার্থী ব্যাপক মানবিক সঙ্কটের মুখে পড়েছে। মঙ্গলবার ত্রাণ সরবরাহকারী সংস্থাগুলো একথা জানিয়েছে।
শরণার্থীদের প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিচ্ছে বলে ঘোষণা দিলেও এখনো সম্পূর্ণরূপে সীমান্ত বন্ধ করা হয়নি বলে মঙ্গলবার জানিয়েছে উজবেক কর্তৃপক্ষ।
উজবেকিস্তানের উপ পররাষ্ট্র মন্ত্রী আব্দুল আজিজ কামিলোভ বলেন, কিরগিজস্তানে সহিংসতা শুরু হওয়ার পর উজবেকিস্তান এ পর্যন্ত ৭৫ হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছে।
উজবেকিস্তানের উপ প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আরিপোভ জানান, এখনও পর্যন্ত প্রায় এক লাখ লোক সীমান্ত পেরিয়ে উজবেকিস্তানে প্রবেশ করেছে। জাতিসংঘ ও অন্যান্য ত্রাণ সংস্থা থেকে সীমান্ত খুলে রাখার আবেদন জানানোর পরও সীমান্ত বন্ধ রাখা হবে।
তিনি বলেন, "আবাসন ও নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় আজ আমরা কোনো কিরগিজ শরণার্থীকে প্রবেশ করতে দেবো না।"
তবে আন্দিজান সীমান্ত এলাকার এক উজবেক কর্মকর্তা বলেন, "শিশু, অসুস্থ, বয়স্ক ও আহত ব্যক্তিদের জন্য এখনো তিনটি সীমান্ত প্রবেশ পথ খুলে রাখা হয়েছে।"
জালালকুদুক, মারহামাত এবং খোঁজা-ওবোদ জেলায় এ সীমান্ত প্রবেশ পথগুলো খোলা রাখা হয়েছে বলে তিনি জানান।
ওদিকে, জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, তারা ৭৫ হাজার শরণার্থীর জন্য ত্রাণ পাঠাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২৪৫ ঘ.
bdnews24