২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় মাদক সহিংসতায় ১০ পুলিশসহ নিহত ৩৮

সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের সংগঠন হিটমেনের গুলিতে সোমবার মেক্সিকোতে ১০ পুলিশ নিহত হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 06:54 AM

Updated : 25 Aug 2022, 12:14 PM

জিটাকুয়ারো, মেক্সিকো, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের সংগঠন হিটমেনের গুলিতে সোমবার মেক্সিকোতে ১০ পুলিশ নিহত হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। পৃথক ঘটনায় সিনালোয়া রাজ্যের এক কারাগারে বন্দুকযুদ্ধে ২৮জন কারাবন্দী মারা গেছে। দেশটিতে ছড়িয়ে পড়া মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণে এ হতাহতের ঘটনাগুলো ঘটছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে বন্দুকধারীরা একটি ট্রাক দিয়ে মহাসড়ক অবরোধ করে ফেডারেল পুলিশের গাড়ি বহরে গুলি চালালে ১০ পুলিশ নিহত হয়। স্থানীয় এক বেতারে দেওয়া সাক্ষাৎকারে মিচোয়াকান রাজ্যের জননিরাপত্তা মন্ত্রী মিনেরভা বোওটিস্টা বলেন, "১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে।" ফেডারেল সরকার পুলিশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হামলাকারীদের কয়েকজনও মারা গেছে। প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরোনের নিজের শহর মিচোয়াকান। পাহাড়ি এ রাজ্যে নিয়ন্ত্রণ আরোপ করা নিয়ে ড্রাগ পাচারকারী সংগঠন লা ফামিলাসহ অন্যান্য গ্র"প ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে লড়াই শুরু হওয়ায় অঞ্চলটি দেশের অন্যতম সহিংসপূর্ণ ক্ষেত্রে পরিণত হয়েছে। ২০০৬ সালে ফিলিপ ক্ষমতা গ্রহণের পর মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। এরপর থেকে দেশটিতে এ পর্যন্ত মাদক কেন্দ্রিক সহিংসতায় অন্তত ২৩ হাজার মানুষ নিহত হয়েছেন। এদের অধিকাংশই মাদক পাচারকারী ও পুলিশ। এদিকে প্রশান্ত মহাসাগরীয় সিনালোয়া রাজ্যে এক কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্র"পের মধ্যে বন্দুকযুদ্ধে ২৮ জন কারাবন্দী নিহত এবং তিন কারারক্ষী আহত হয়েছে বলে দ্য ডেইলি ইউনিভার্স পত্রিকা জানিয়েছে। পুলিশ প্রধান জোসেফিনা গার্সিয়া বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "কারাগারে থাকা একদল বন্দী তালা ও ভিডিও ক্যামেরা নষ্ট করার জন্য হাতুড়ি দিয়ে দরজা ভাঙ্গে।" নিহতদের অধিকাংশই হত্যা বা মাদক পাচারের অভিযোগে আটক ছিলো বলেও জানান তিনি। মেক্সিকোর ইতিহাসে কারাগারে সংঘঠিত এটিই সবচেয়ে ভয়াবহ দাঙ্গা বলে পুলিশের মুখপাত্র মার্টিন গাস্টেলুম রয়টার্সকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৫৭ঘ.