২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তান পরিস্থিতির অবনতি, নিহত ৮৪

কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া জাতিগত সহিংসতায় এ পর্যন্ত ৮৪ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 12:06 PM

ওশ, কিরগিজস্তান, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া জাতিগত সহিংসতায় এ পর্যন্ত ৮৪ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে। গত দুই দশকের মধ্যে দেশটিতে উজবেক ও কিরগিজ জাতিগোষ্ঠীর মধ্যকার সবচেয়ে ভয়ানক এ সহিংসতা থামাতে রোববার অঞ্চলটিতে রিজার্ভ ফোর্স ও স্বেচ্ছাসেবক পাঠাচ্ছে সরকার। উজবেক জাতি গোষ্ঠীর হাজার হাজার মানুষ ওশ শহর ছেড়ে পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তানের সীমান্ত এলাকার দিকে পালিয়ে যাচ্ছে। উজবেক সরকারের পক্ষ থেকে রোববার বলা হয়েছে, কিরগিজস্তান থেকে এ পর্যন্ত ৩২ হাজার শরণার্থী উজবেকিস্তানে প্রবেশ করেছে। ওশ শহরে উজবেকদের ওপর সশস্ত্র কিরগিজরা একের পর এক হামলা চালাচ্ছে এবং তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, ওশ শহরের রাস্তায় মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দিলমুরাদ ইশানোভ নামের উজবেক জাতির এক মানবাধিকার কর্মী রয়টার্সকে টেলিফোনে বলেন, "ঈশ্বর আমাদের সহায়তা করুন। তারা উজবেকদের পশুর মতো হত্যা করছে। প্রায় পুরো শহরই জ্বলছে।" স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায়, ওশ ও জালালাবাদ এলকায় পরিস্থিতি জটিল আকার ধারণ করায় সেখানে রিজার্ভ ফোর্স ও স্বেচ্ছাসেবক দল পাঠানো হচ্ছে। এর আগে পরিস্থিতি শান্ত করতে দাঙ্গাকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেয় সরকার। শনিবার জারিকৃত এক সরকারি অধ্যাদেশে বলা হয়, সরকারি ও ব্যক্তিগত সম্পদ এবং জনগণকে রক্ষা করতে দাঙ্গাবাজদের ওপর সেনাবাহিনী ও পুলিশ কে গুলি করার ক্ষমতা দেয়া হয়েছে। অধ্যাদেশে আরো বলা হয়, নৃশংস হত্যাকাণ্ড, সহিংসতা ও লুণ্ঠনের ঘটনা বেড়েই চলেছে। যদি এখনই আমরা উপযুক্ত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ না করি তাহলে অস্থিতিশীল পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। এমনকি এই সহিংসতা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। কিরগিজস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভ এই সহিংসতা থামতে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের কাছে সামরিক সহায়তা চান। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মুখপাত্র নাটালিয়া টিমাখোভার বরাত দিয়ে দেশটির একটি সংবাদ সংস্থা জানিয়েছে, এই মুহুর্তে রাশিয়া কিরগিজস্তানে সেনা পাঠানোর কথা ভাবছেনা। তবে মধ্য এশিয়ার দেশটিতে তারা মানবিক সাহায্য পাঠাবে। তিনি আরো বলেন, এটি কিরগিজস্তানের অন্তদ্বর্ন্দ্ব ।এই সহিংসতা দমন করার জন্যে রাশিয়ার অংশগ্রহণের মতো অবস্থা এখনো সৃষ্টি হয়নি। তবে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, কিরগিজস্তানের অন্তবর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল ইসাকোভ রোববারও সরকারের পক্ষ থেকে সহিংসতা বন্ধ করতে রাশিয়ার বিশেষ ফোর্স পাঠানোর জন্য মস্কোর প্রতি আবারও আবেদন জানিয়েছেন। গত এপ্রিলে কিরগিজস্তানে সরকারবিরোধী বিক্ষোভে ৮৭ জন মারা যায় এবং প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ ক্ষমতাচ্যুত হন। এরপর থেকেই দেশটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এজে/কেএমএস/এএইচ/এলকিউ/১৯৪৫ ঘ.