শিকাগো, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আরকানসাসে একটি ক্যাম্প এলাকায় শুক্রবারের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।
বন্যায় অনেকে নিখোঁজ হয়েছেন বলে শনিবার জানিয়েছে প্রদেশটির কর্মকর্তারা।
কর্তৃপক্ষ জানায়, প্রবল বর্ষণে ছোট্ট মিসৌরি নদীর পানি স্বাভাবিক অবস্থার চেয়ে ৬ মিটার পর্যন্ত বেড়েছে। নিহত ও নিখোঁজ মানুষগুলো ওয়াচিতা পর্বতে তাঁবুতে ও আলবার্টের ক্যাম্প এলাকায় ঘুমন্ত অবস্থায় পানিতে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ইতোপূর্বে মৃতের সংখ্যা ২০ জন ঘোষণা করা হলেও তা পরে ১৭ জনে নেমে আসে।
আরকানসাসের জরুরি বিভাগের মুখপাত্র জানিয়েছেন, মৃতদের মধ্যে শিশুও রয়েছে।
তিনি আরো জানান, ঠিক কতজন নিখোঁজ হয়েছেন এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টেলিভিশন চিত্রে দেখা গেছে, ক্যাম্পের কেবিন পানিতে ডুবে গেছে, অস্থায়ী ঘরগুলো পানিতে ভাসছে।
আরকানসাস পুলিশের মুখপাত্র বিল সেডলার জানান, "গত রাতে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টি হয়েছে এবং ক্যাম্প এলাকায় পানি দ্রুত বেড়ে যায়।"
প্রত্যন্ত ঐ অঞ্চলে কর্তৃপক্ষ নৌকা ও হেলিকপ্টারে করে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/২২৪৭ঘ.
bdnews24