২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএইএ'র সঙ্গে সম্পর্ক হ্রাসের হুমকি ইরানের

জাতিসংঘের চতুর্থ দফা নিষেধাজ্ঞার মুখেও পরমাণু কর্মসূচিতে অটল ইরান বৃহস্পতিবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সম্পর্ক কমানোর হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 03:50 PM

Updated : 25 Aug 2022, 11:57 AM

তেহরান, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- জাতিসংঘের চতুর্থ দফা নিষেধাজ্ঞার মুখেও পরমাণু কর্মসূচিতে অটল ইরান বৃহস্পতিবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সম্পর্ক কমানোর হুমকি দিয়েছে। ফার্স বার্তা সংস্থায় ইরানের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির সদস্য ইসমাঈল কোসারি বলেন, "মজলিস (পার্লামেন্ট) রোববার সর্বোচ্চ অগ্রধিকারভিত্তিতে জাতিসংঘ সংস্থা আইএইএ'র সঙ্গে সম্পর্ক হ্রাস বিল পাস করবে।" ইরান সম্পর্ক হ্রাসের কি পদক্ষেপ নেবে সে ব্যাপারে তিনি কিছু বলেননি। তবে সংবাদদাতারা বলছেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আইএইএ'র অস্ত্র পরিদর্শকদের প্রবেশে বাধা দেওয়াসহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে ভোট দিয়েছে। এ প্রস্তাবে মূলত অস্ত্র কেনাবেচাসহ ইরানের ব্যাংকিং খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া, ইরানের ইউরেনিয়াম মাইনিং এর ক্ষেত্রে নিষেধাজ্ঞাসহ পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তির তালিকা করে তাদের চলাফেরা ও অর্থনৈতিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রাখার কথা বলা হয়েছে প্রস্তাবে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও আলোচনার পথ খোলা থাকবে বলে জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কূটনীতির দ্বার বন্ধ করা হয়নি। কিন্তু ইরান সঙ্গে সঙ্গে এ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে। ইরান কয়েকদিন আগেই নিষেধাজ্ঞা এড়াতে তুরস্ক ও ব্রাজিলের সঙ্গে পরমাণু জ্বালানি বিনিময় চুক্তি করার পরও নিষেধাজ্ঞা আরোপের কারণে ক্ষুব্ধ হয়েছে। ইরানের কট্টরপন্থি ও সংস্কারবাদী সব পত্রপত্রিকাই একযোগে নিষেধাজ্ঞার নিন্দা করেছে। কট্টরপন্থি কেহান দৈনিক প্রথম পাতার শিরোনাম দিয়েছে, 'অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের চরম জবাবের প্রহর গুনুন।' সংস্কারবাদী পত্রিকা আফতাব ই ইজাদ বলেছে, "এখন পশ্চিমারা রাশিয়া ও চীনকে সঙ্গে নিয়ে সংঘর্ষের পথে পা বাড়িয়েছে, ইরান এর দঁতভাঙা জবাব দেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৩ ঘ.