জেরুজালেম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞার প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে নতুন করে চতুর্থ দফা নিষেধাজ্ঞা আরোপ করে।
এক বিবৃতিতে বুধবার নেতানিয়াহু বলেন, "আমরা আশা করি এ ইতিবাচক পদক্ষেপ অনুসরণে ইরানের জ্বালানি ক্ষেত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ চূড়ান্ত আরো কিছু পদক্ষেপ নেবে অন্যান্য দেশগুলো।"
তিনি বলেন, "এই প্রস্তাবনা ইরানকে হুঁশিয়ার করে দিল যে বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলো তার পরমাণু কর্মসূচির বিরোধী।"
ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর সন্দেহ, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। অভিযোগ অস্বীকার করে ইরান বলেছে, তার এ কর্মসূচি কেবলই জনকল্যাণে নিবেদিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬০৫ ঘ.
bdnews24