২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা অবরোধ শিথিল করছে ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকায় হালকা খাবার ও কোমল পানীয় প্রবেশের অনুমতি দিয়ে অবরোধ শিথিল করছে ইসরায়েল। বুধবার ফিলিস্তিনি কর্মকর্তারা একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 02:50 PM

Updated : 25 Aug 2022, 11:53 AM

গাজা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবরুদ্ধ গাজা উপত্যকায় হালকা খাবার ও কোমল পানীয় প্রবেশের অনুমতি দিয়ে অবরোধ শিথিল করছে ইসরায়েল। বুধবার ফিলিস্তিনি কর্মকর্তারা একথা জানান। গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি কমান্ডো অভিযানের পর বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে ইসরায়েল অবরোধ শিথিলের এ পদক্ষেপ নিচ্ছে। গাজার শাসনক্ষমতায় থাকা ফিলিস্তিনি গেরিলা দল হামাস জানিয়েছে, এ অঞ্চলে সিমেন্টের প্রয়োজন, কোমল পানীয় নয়। ২০০৮ সালের ডিসেম্বর থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত চলা যুদ্ধের পর থেকেই গাজায় সিমেন্ট নিষিদ্ধ করে ইসরায়েল। ইসরায়েল বলছে, হামাসের কাছে অস্ত্র সরবরাহ ঠেকাতেই অবরোধ জরুরি হয়ে পড়েছিল। পশ্চিম তীরস্থ ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, আগামী সপ্তাহ থেকে ইসরায়েল স্ন্যাকস ও কোমল পানীয়র পাশাপাশি আলুর চিপস, বিস্কুট, কৌটাজাত ফল ও অন্যান্য প্যাকেটজাত খাদ্য প্রবেশে অনুমতি দিবে। ফিলিস্তিনের অর্থমন্ত্রী হাসান আবু লিবদেহ বলেন, "তারা প্রথম দফায় এগুলো পাঠাবে। আর আমরা আসল জিনিসের অপেক্ষায় আছি।" রামাল্লায় তিনি বলেন, "আমরা এ অন্যায় অবরোধ সমাপ্তির প্রহর গুনছি।" ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠকে বসার ঘণ্টা কয়েক আগে ঘোষিত নতুন পণ্যের তালিকার সঙ্গে ৩১ মে গাজা অভিমুখী ত্রাণবহরে ইসরায়েলি হামলার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ইসরায়েলি এক কর্মকর্তা। তবে ইসরায়েলি নতুন পণ্য তালিকা নিয়ে মোটেও খুশি নয় হামাস। হামাসের গাজা ভিত্তিক সরকারের অর্থ ও বাণিজ্যমন্ত্রী জিয়াদ আল জাজা বলেন, "কোমল পানীয় তৈরির তিনটি কারখানা আছে আমাদের। তারা বলছে, আলুর চিপস প্রবেশ করতে দেবে, অথচ আমাদের চিপস তৈরির যেসব কারখানা আছে তা আমাদের চাহিদা মিটিয়েও বেশি উৎপাদন করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২০৪৪ ঘ.