সিউল, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-যুদ্ধ জাহাজ ডোবানোর ঘটনায় উত্তর কোরিয়ার প্রতি জাতিসংঘের নিন্দা প্রস্তাবে চীনের সমর্থন চাইলেও দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা চায় না
দক্ষিণ কোরিয়া।
চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী চুং ইয়ং-উ সংবাদ সংস্থা ইউনহাপকে একথা জানান।
সেইসঙ্গে তিনি আরও জানান, উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা কোনো সুফল বয়ে আনবে না।
তিনি বলেন, "আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংস্থাটি প্রাথমিকভাবে দায়বদ্ধ। আর এ দায়বদ্ধতার জায়গা থেকেই তাদের জাহাজ ডুবির ঘটনায় পদক্ষেপ নেওয়া উচিত।"
দক্ষিণ কোরিয়া গত সপ্তাহে এ জাহাজ ডুবির ঘটনা নিরাপত্তা পরিষদের কাছে পাঠিয়েছে। পরিষদের তদন্তে উত্তর কোরিয়ার ডুবোজাহাজ থেকে ছোড়া টর্পেডোর আঘাতে দক্ষিণের নৌ জাহাজটি ডুবেছে বলে বলা হয়েছে। মার্চ মাসের ওই জাহাজ ডুবির ঘটনায় দক্ষিণ কোরিয়ার ৪৬ জন নাবিক প্রাণ হারিয়েছে।
যুদ্ধ জাহাজ ডুবির ঘটনায় দক্ষিণ কোরিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের কাছ থেকে সমর্থন প্রত্যাশা করছে। পরিষদের অন্য সদস্যরা এ ঘটনার নিন্দা জানালেও অপর দুই সদস্য চীন ও রাশিয়া এখনও সরাসরি এ ঘটনায় নিন্দা প্রকাশ জানায়নি।
তবে উত্তর কোরিয়া জাহাজ ডুবির সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করে জানিয়েছে, এ অভিযোগ যুদ্ধের দিকে মোড় নিতে পারে।
দুই দিনের বেইজিং সফরে দক্ষিণ কোরিয়ার এ মন্ত্রী চীনের মন্ত্রী সুই তিয়ানকাইয়ের সঙ্গে বৈঠক করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৫৯ঘ.
bdnews24