সিঙ্গাপুর, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় উত্তর কোরিয়া আরও উস্কানিমূলক কর্মকাণ্ড চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
যুক্তরাষ্ট্র ও তার এশীয় মিত্ররা চাইছে, জাহাজ ডুবির ঘটনায় অভিযুক্ত উত্তর কোরিয়াকে জবাবদিহি করতে। কিন্তু ওয়াশিংটন বেশ ভালোভাবেই বুঝতে পারছে, কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে পিয়ং ইয়ংয়ের তেমন কিছুই হয়তো করা যাবে না।
রোববার প্রকাশিত বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস জানান, মিত্রহীন উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামান্য কিছুই করার আছে, যদি সামরিক পদক্ষেপের মতো কার্যকরী কোনও পদক্ষেপ না নেওয়া যায়।
গেটস বলেন, "সত্যি বলছি, যতদিন উত্তর কোরিয়ার সরকার গ্রাহ্য করবে না তার প্রতি বহির্বিশ্ব কী ভাবছে, যতদিন তারা গ্রাহ্য করবে না তাদের জনগণের কী সে ভালো হয়, সেখানে আপনার আসলে খুব বেশি কিছু করার নেই। যদি না আপনি একটা পর্যায়ে সামরিক বাহিনী ব্যবহারের ইচ্ছা না করেন।"
"এবং কেউই তা করতে চায় না।"
এক বহুজাতিক তদন্তে প্রমাণ মিলেছে, উত্তর কোরীয় সাবমেরিনের ছোঁড়া টর্পেডোর আঘাতেই গত মার্চে ডুবে যায় দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ চেওনান এবং নিহত হয় এর ৪৬ জন নাবিক।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনার জন্য যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা সিঙ্গাপুরে এক বৈঠকে মিলিত হয়। সাংঘ্রি-লা নামের আঞ্চলিক সম্মেলনটি রোববার শেষ হচ্ছে।
দক্ষিণ কোরিয়া শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস উত্তর কোরিয়ার আরও উস্কানিমূলক আচরণ প্রতিরোধে মিত্রদেশীয় প্রতিরক্ষামন্ত্রীদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
চেওনান ডুবির ঘটনায় উত্তর কোরিয়ার নিন্দা করলেও ওয়াশিংটন ও সিউল শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা এড়িয়ে গেছে।
তবে উত্তর কোরিয়ার চঞ্চল ভাবমূর্তির কথা উল্লেখ করে সম্ভাব্য আরও উস্কানিমূলক আচরণ আসতে পারে বলে গেটস সতর্ক করে দিয়েছেন।
উত্তর কোরিয়া ক্ষুব্ধভাবেই চেওনান ডুবির ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং আক্রান্ত হলে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দক্ষিণ কোরিয় কর্মকর্তার বরাত দিয়ে হংকংয়ের সানডে মর্নিং পোস্ট পত্রিকাটি জানায়,
উত্তর কোরিয়ার হুমকির পরিপ্রেক্ষিতে সিউলও তাদের সীমান্তবর্তী অঞ্চলে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্যাট্রিয়ট নামানোর চিন্তা ভাবনা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৫২৮ ঘ.
bdnews24