২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব তহবিল গঠনের আহ্বান রাশিয়ার

মেক্সিকো উপসাগর তলে তেল খনি বিস্ফোরণে নিঃসৃত তেল পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দেখা দিয়েছে। পরবর্তীতে এ ধরণের পরিবেশ বিপর্যয় ঠেকাতে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বিশ্বের অর্থনৈতিক শক্তিগুলোকে একটি তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 04:30 PM

Updated : 25 Aug 2022, 11:41 AM

মস্কো, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকো উপসাগর তলে তেল খনি বিস্ফোরণে নিঃসৃত তেল পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দেখা দিয়েছে। পরবর্তীতে এ ধরণের পরিবেশ বিপর্যয় ঠেকাতে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বিশ্বের অর্থনৈতিক শক্তিগুলোকে একটি তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট তার সরকারী ব্লগ ক্রেমলিনে লিখেছেন, "এ ধরণের পরিবেশ বিপর্যয় ঠেকাতে আমরা সম্ভবত একটি বিশ্ব তহবিল গঠনের বিবেচনা করতে পারি।" মেদভেদেভ বলেছেন, এ মাসের শেষের দিকে কানাডায় জি২০ সম্মেলনে তিনি এ ইস্যুটি উত্থাপন করবেন বলে আশা করছেন। সারা বিশ্বে রাশিয়া হচ্ছে তেল উৎপাদনকারী শীর্ষ দেশ। মেক্সিকো উপসাগরে তেল নিঃসরণের ঘটনায় বিপির প্রতিক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। কারণ বৃটিশ পেট্রোলিয়াম সারা বিশ্বে যে পরিমাণ তেল উৎপাদন করে তার শতকরা ২৫ ভাগ উৎপাদিত হয় মস্কোভিত্তিক টিএনকে-বিপির যৌথ উদ্যোগে। মেদভেদেভ এ ধরণের বৃহদাকার বিপর্যয়ের ক্ষেত্রে একটি নতুন আইনি রূপরেখা তৈরির আহবানও জানান। আগামী ২৫ ও ২৬ জুন কানাডার টরেন্টোতে ধনী ও উন্নয়নশীল দেশগুলোর সংগঠন জি২০ এর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/জিএনএ/২২২৭ ঘ.