নাইজেরিয়া, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারা প্রদেশে অবৈধ স্বর্র্ণ খনির আশপাশের এলাকায় সীসার বিষক্রিয়ায় মার্চ থেকে এ পর্যন্ত ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তা শুক্রবার এ খবর জানিয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান মহামারি রোগ বিশেষজ্ঞ ড. হেনরি অ্যাকপান রয়টার্সকে বলেন, জামফারা প্রদেশের ছয়টি এলাকায় সীসার বিষক্রিয়ার শিকার তিনশ' ৫৫ টি রোগীর কথা জানা গেছে। তবে মৃতদের মধ্যে একশ' ১১ জনই শিশু যাদের অধিকাংশের বয়স ৫ বছরের নিচে।
অ্যাকপান বলেন, " আমরা রোগীদের মধ্যে কিছু ব্যতিক্রমী লক্ষ্মণ খেয়াল করেছি যার মধ্যে পেটের পীড়াসহ বমিভাব ও কাঁপুনি রয়েছে।"
সীসা দুষণের কারণে স্বর্ণ খনির আশপাশের মানুষের মধ্যে এ বিষক্রিয়া ঘটছে বলে জানিয়ে তিনি বলেন, এ দুষণের শিকার প্রায় ৪৬ শতাংশ মানুষ।
সীসার বিষক্রিয়ার এ প্রাদুর্ভাব ঠেকাতে ওয়ার্ল্ড হেলথ ওরগানাইজেশন (ডব্লিউএইচও), ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সহায়তার আবেদন জানিয়েছে নাইজেরিয়া।
তবে এপ্রিল মাস থেকে প্রাদেশিক সরকার অবৈধ স্বর্ণ খনিগুলোকে বন্ধ করে এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে নেওয়া শুরু করায় বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা কমে আসছে বলে অ্যাকপান জানান।
তিনি বলেন, "বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা কমে এসেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জিএনএ/১৯১৫ ঘ.
bdnews24