গাজা সিটি, জুন ০৫, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ত্রাণবাহী জাহাজ র্যাচেল কোরি শনিবার ইসরায়েলি নৌবাহিনীর নিষেধাজ্ঞা অমান্য করে গাজার দিকে অগ্রসর হচ্ছে।
টানা তিন বছর অবরুদ্ধ ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে শুক্রবার ১৫ জনের একটি দলসহ ত্রাণবাহী জাহাজটি যাত্রা করে।
এর আগে অপর একটি ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি সেনারা গুলি চালিয়ে নয়জন মানবাধিকারকর্মীকে হত্যা করে। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও বিক্ষোভ শুরু হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব পাশসহ একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়।
সর্বশেষ সংবাদে ইসরায়েলি এক সেনামুখপাত্র জানান, "আমরা বেশ কয়েকবার জাহাজে থাকা কর্মীদের জানিয়েছি, তারা যে সমুদ্রবন্দরের উদ্দেশ্যে যাচ্ছে তাতে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তারা আমাদের আবেদন উপেক্ষা করে গাজার দিকে যাত্রা অব্যাহত রেখেছে।
ইতোপূর্বে ত্রাণবাহী জাহাজকে স্বাগত জানাতে নিয়োজিত গাজা ভিত্তিক একটি সংগঠনের মুখপাত্র আমজাদ আল শাওয়া টেলিফোনে রয়টার্সকে জানান, "গাজা থেকে ৩০-৩৫ মাইল দূরে ইসরায়েলি নৌবাহিনীর বেশ কয়েটি নৌকা র্যাচেল কোরিকে ঘিরে রেখেছে, যেন ত্রাণবাহী জাহাজটি গাজায় পৌঁছুতে না পারে।"
স্থানীয় সময় সকাল ৫.৩৮ মিনিটে সর্বশেষ যোগাযোগে জাহাজে থাকা কর্মী জেনি গ্রাহাম গাজার সংগঠকদের জানান, তাদের জাহাজটি দুটি ইসরায়েলি যুদ্ধজাহাজ ঘিরে রেখেছে। তিনি আরো জানান, জাহাজের যন্ত্রপাতি ইসরায়েলি নৌবাহিনী নিষ্ক্রিয় করে দিয়েছে। তারা আশঙ্কা করছে, স্যাটেলাইট ফোনও শিগগিরই নৌসেনারা নিষ্ক্রিয় করে দেবে।
ইসরায়েলি বেতারও জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করা জাহাজটিকে মিশরীয় উপকূল থেকে প্রায় ৩৫ মাইল দূরে নৌবাহিনীর তিনটি জাহাজ ঘিরে রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০৭ ঘ.
bdnews24