২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা অভিমুখে নতুন ত্রাণবাহী জাহাজ

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে রওনা হয়েছে নতুন জাহাজ। শনিবার গন্তব্যে পৌঁছানো কিংবা ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের মুখে পড়ার দোলাচলে এগিয়ে চলেছে জাহাজ র‌্যাচেল কোরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 04:15 PM

Updated : 25 Aug 2022, 11:38 AM

জেরুজালেম, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- গাজা অভিমুখে ত্রাণ নিয়ে রওনা হয়েছে নতুন জাহাজ। শনিবার গন্তব্যে পৌঁছানো কিংবা ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের মুখে পড়ার দোলাচলে এগিয়ে চলেছে জাহাজ র‌্যাচেল কোরি। ত্রাণবোঝাই জাহাজটি থেকে স্যাটেলাইট ফোনে আয়ারল্যান্ডের 'আরটিই' রাষ্ট্রীয় বেতারে আইরিশ নোবেল পুরস্কার বিজয়ী মিরেদ মাগুইর বলেছেন, "আমরা ভয় পাই না।" তিনি আরো বলেন, "আমরা গাজা অবরোধ ভেঙে এ সমস্ত মালামাল গাজার জনগণকে দিতেই যাত্রা করেছি। এ লক্ষ্যেই এগুতে চাই আমরা।" জাহাজ এমভি র‌্যাচেল কোরি গাজায় পৌঁছতে সময় লাগবে আর মাত্র কয়েক ঘণ্টা। জাহাজটিতে ত্রাণকর্মী আছে ১৫ জন। আইরিশ ও মালয়েশীয় কর্মীরাসহ ৪ জন ইন্দোনেশীয় ক্রু এবং একজন স্কটিশ ক্যাপ্টেন রয়েছে জাহাজটিতে। গন্তব্যে পৌঁছার সময় ঘনিয়ে আসতে থাকলেও তাদের কেউই পিছু হটতে রাজি নয়। গাজামুখী প্রথম ত্রাণবহরে ইসরায়েলের কমাণ্ডো অভিযান এবং হতাহতের ঘটনা নিয়ে বিশ্বে তোলপাড়ের মধ্যে নতুন করে গাজার দিকে এগুচ্ছে ১২শ টনি এ মালবাহী জাহাজ। ২০০৩ সালে নিহত এক নারী মার্কিন কর্মীর নামে জাহাজটির নামকরণ করা হয়েছে। ওই কর্মী ইসরায়েলি বুলডোজার দিয়ে ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টায় বাধা দিতে গিয়ে নিহত হন। ইসরায়েল ইতোমধ্যেই নতুন কোনো ত্রাণ জাহাজ গাজায় প্রবেশ করতে দেবে না বলে হুমকি দিয়েছে। র‌্যাচেল কোরির গাজা অবরোধ ভাঙার চেষ্টা রুখে দাঁড়ানো হবে বলে সতর্ক করে দিয়েছে তারা। শুক্রবার ইসরায়েল তাদের আসোদ বন্দর দিয়ে গাজায় ত্রাণ সরবরাহের প্রস্তাব পুনর্ব্যক্ত করে। কিন্তু ম্যাগুইর জোর দিয়ে বলেন, তারা ইসরায়েলের আসোদ বন্দরে যেতে ইচ্ছুক নন। তিনি বলেন, গাজার ১৫ লাখ মানুষ বর্বর অবরোধের মধ্যে দিনাতিপাত করছে। তাদের জন্য বিশ্বের দ্বার খুলে দেওয়ার চেষ্টা করাই আমাদের উদ্দেশ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৭ ঘ.