ওয়াশিংটন, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি সেনা হামলাকে 'ট্র্যাজেডি' আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার সিএনএন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তবে তিনি আশা প্রকাশ করেন, যেভাবেই হোক এরফলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দ্বার উন্মোচিত হতে পারে। ওবামা বলেন, "এটি একটি ট্র্যাজিক পরিস্থিতি কিন্তু শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে একে সুযোগ হিসাবে ব্যবহার করা প্রয়োজন।"
ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি সেনাদের হামলার ঘটনায় ওবামা প্রশাসন খুব সতর্ক পদক্ষেপে এগুচ্ছে। সেনা হামলায় ফিলিস্তিনপন্থী ৯ জন মানবাধিকারকর্মী নিহত হন। এদের মধ্যে ১৯ বছর বয়সী এক আমেরিকানও রয়েছেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যে কোনোমূল্যে যুক্তরাষ্ট্র সমর্থিত মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা এগিয়ে নেওয়া প্রয়োজন যা গতমাস থেকে শুরু হয়েছে।
তবে বিশ্লেষক ও ওই অঞ্চলের অধিবাসীদের অনেকে মনে করেন, এই ঘটনা শান্তি প্রক্রিয়াকে পেছনে ঠেলে দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩১ঘ.
bdnews24