আশদদ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- অবরুদ্ধ গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজে সোমবার ইসরায়েলি হামলার পর ওয়াশিংটন সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ওয়াশিংটনে মঙ্গলবার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করার কথা ছিল নেতানিয়াহুর।
কিন্তু ইসরায়েলের এক বিবৃতিতে সোমবার বলা হয়েছে, গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি অভিযানের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু এ সফর বাতিল করেছেন।
এতে আরো বলা হয়, নেতানিয়াহু কানাডা সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি ইসরায়েলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নেতানিয়াহু শুক্রবার থেকে কানাডা সফর করছেন।
তার এ সফরের মধ্যেই সোমবার গাজামুখী ত্রাণজাহাজে ইসরায়েলি গুলিতে ১৯ জন নিহতের খবর আসে।
নিহতদের বেশির ভাগই তুরস্কের নাগরিক। ইসরায়েলের চ্যানেল ১০ টেলিভিশন জানিয়েছে, সংঘর্ষে ১৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী নিহতের সংখ্যা ১০ উল্লেখ করেছে।
হামলার নিন্দা-সমালোচনা করেছে ইতালি, লেবানন ও সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ।
যুক্তরাষ্ট্র এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে। বিষয়টি নিয়ে জাতিসংঘে জরুরি বৈঠক আহ্বান করবে বলে জানিয়েছে তুরস্ক।
লেবানন ইতোমধ্যেই বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে।
ইসরায়েলের বাধার মুখে পড়ার হুমকির মধ্যে রোববার ত্রাণসামগ্রী ও কর্মীদের নিয়ে সাইপ্রাস থেকে গাজা অভিমুখে যাত্রা করে ছয়টি জাহাজ।
গত তিন বছর ধরে ইসরায়েল গাজা অবরোধ করে রেখেছে। হামাস নিয়ন্ত্রিত গাজায় এ ত্রাণের বহর পৌঁছাতে দেবে না বলে ইসরায়েল আগেই ঘোষণা দেয়।
সাইপ্রাসের দক্ষিণাঞ্চলীয় একটি সমুদ্র বন্দর থেকে ছেড়ে যাওয়া এ জাহাজগুলো সাতশ'র বেশি যাত্রী ও দশ হাজার টন ত্রাণ সামগ্রী নিয়ে গাজায় যাচ্ছিল।
কালো পোশাক পরিহিত ইসরায়েলি কমান্ডোরা হেলিকপ্টার থেকে রশি বেয়ে নিচে নেমে এসে জাহাজের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অনেক মানুষকে আহত হয়ে জাহাজের ডেকে পড়ে যেতে দেখা যায়।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, " প্রাণসংহারী ও সহিংস আচরণের কারণেই নৌ সেনারা গুলি চালাতে বাধ্য হয়।" সেইসঙ্গে তারা আরও জানায়, জাহাজের যাত্রীরা সেনাদের হত্যার পরিকল্পনা করছিল।
নেতানিয়াহুর মুখপাত্র মার্ক রেগেভ এএফপিকে বলেন, "তারাই সহিংসতা শুরু করেছিল। এ ধরনের ঘটনা এড়ানোর সম্ভাব্য সব ধরনের চেষ্টাই আমরা করেছিলাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮০৬ ঘ.
bdnews24